অর্থনীতি
চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলারের নতুন বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার ২৩০ জনের
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে সিঙ্গাপুর ও চীন মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড। নতুন এই কারখানায় ২ হাজার ২৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি বছরে ২৫ লাখ পিস উন্নতমানের পোশাক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এ উপলক্ষে বুধবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে প্রতিষ্ঠানটির একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বেপজার পক্ষে সংস্থাটির সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম ইপিজেডের অন্যতম পুরোনো প্রতিষ্ঠান সিয়াম’স সুপিরিয়র লিমিটেডের পরিত্যক্ত শিল্প অবকাঠামোয় নতুন কারখানাটি স্থাপন করা হবে। ২০২৪ সালের আগস্টে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর বেপজা প্রচলিত নিয়ম ও বিধি অনুসরণ করে এর যন্ত্রপাতি এবং অবকাঠামো নিলামে তোলে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনক্রমে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড এসব সম্পদ কিনে নেয়।
নতুন প্রতিষ্ঠানটি তিনটি প্লটে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে। এ জন্য প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন করার পাশাপাশি নতুন করে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এতে বন্ধ হয়ে যাওয়া একটি শিল্পপ্রতিষ্ঠানের অবকাঠামো পুনরায় কাজে লাগানোর পাশাপাশি চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
প্রতিষ্ঠানটি বছরে প্রায় ২৫ লাখ পিস উচ্চমানের তৈরি পোশাক উৎপাদন করবে। এর মধ্যে রয়েছে হান্টিং স্যুট, টেকনিক্যাল ও ওয়াটারপ্রুফ পারফরম্যান্স আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট, প্যাডেড জ্যাকেট, ডাউন জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, কটন জ্যাকেট, পাফার পারকা ও ফার আউটওয়্যারসহ বিভিন্ন ধরনের উন্নতমানের পোশাক।
কারখানায় উৎপাদিত পণ্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে রপ্তানি করা হবে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী মানসম্পন্ন পোশাক উৎপাদন ও রপ্তানির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আয় বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানটিকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বেপজার ওপর আস্থা রাখার জন্য প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে বিনিয়োগকারীদের সব ধরনের বৈধ সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বিনিয়োগকারীদের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া জয়ফুলের ব্যবসায়িক সহযোগী ও অংশীদারদের বেপজার অধীন অন্যান্য ইপিজেডে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। এর মাধ্যমে দেশের রপ্তানি খাতে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, চট্টগ্রাম ইপিজেডে বিনিয়োগের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও। তিনি জানান, আগে থেকে বিদ্যমান শিল্প অবকাঠামো ব্যবহার করে কারখানার কার্যক্রম শুরু করা হবে। তবে উৎপাদন উপযোগী করে তুলতে কিছু সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে সংস্কারকাজ শেষ করে উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মো. মোহসীন হাসান, বিএসপি, পিএসসি, আর্টিলারি; নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।