জাতীয়
২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়াল সৌদি আরব, নিবন্ধনের সুযোগ ২২ নভেম্বর পর্যন্ত
২০২৭ সালের পবিত্র হজ পালনে বাংলাদেশের হজযাত্রীদের জন্য কোটা বাড়িয়েছে সৌদি আরব। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের জন্য এ অতিরিক্ত কোটা অনুমোদন করেছে। এতে নতুন করে আরও কিছু ধর্মপ্রাণ মুসলমানের হজ পালনের সুযোগ তৈরি হয়েছে।
বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটার বিপরীতে হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। গত ১৬ নভেম্বর থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি আরবের অনুমোদিত বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটার বিপরীতে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত চলবে।
এদিকে, নিবন্ধনের সময়সীমা ও বর্ধিত কোটার বিষয়ে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে তথ্য পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ দেশের সব গণমাধ্যমে স্ক্রল প্রচারের মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য হজে যেতে আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।