জাতীয়

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৪ জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৪ জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে দায়িত্ব পালন করছেন ২০ প্লাটুন। এসব এলাকার মধ্যে রয়েছে মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়া। আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায়ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছেন ১৫ প্লাটুন বিজিবি সদস্য। এর মধ্যে রয়েছে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকা।

এ ছাড়া নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এসব এলাকার মধ্যে রয়েছে শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল। পাশাপাশি ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে মোতায়েন করা হয়েছে আরও দুই প্লাটুন বিজিবি সদস্য।

বিজিবি সূত্রে জানা গেছে, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন বিজিবি সদস্যরা।

এদিকে, শিল্পাঞ্চলের মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং কার্যক্রম চালু রাখা হয়েছে। তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ সমন্বয়ের লক্ষ্যে মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির এই মোতায়েন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।