সারাদেশ

গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, আতঙ্কে জনজীবন; নিরাপত্তায় মোতায়েন ২১ প্লাটুন বিজিবি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, আতঙ্কে জনজীবন; নিরাপত্তায় মোতায়েন ২১ প্লাটুন বিজিবি
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও বিভিন্ন বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনার পর পুরো জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি কখন কোন দিকে মোড় নেয়, তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা। এ সময় থানায় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা পুলিশের অস্ত্র লুট করে নিয়ে যায় এবং থানায় থাকা পুলিশের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া থানায় আটক থাকা আসামিদেরও ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

থানায় হামলা ও অগ্নিসংযোগের এ ঘটনার পাশাপাশি গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। শতাধিক লোকের একটি দল তাঁর বাড়িসহ আত্মীয়-স্বজনের আরও ১০ থেকে ১৫টি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। হামলার পর বিভিন্ন সড়কে ব্যারিকেড দেওয়া হয় এবং আন্দোলনকারীরা অবস্থান নেওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে বাধার মুখে পড়তে হয়।

এসব ঘটনার পর টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদরসহ জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে আগামী ১৯ নভেম্বর সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ওই দিন জেলাজুড়ে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা ও উৎকণ্ঠা বাড়ছে। সম্ভাব্য সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কায় অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না।

তবে বুধবার (১৮ নভেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা বাড়তে দেখা যায়। রিকশা, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতে শুরু করে। শহরের কয়েকটি এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও খুলতে দেখা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। সাধারণ মানুষের চলাফেরায় সতর্কতা লক্ষ্য করা গেছে। বিভিন্ন এলাকার বাসিন্দারা একে অপরের সঙ্গে আগের রাতের হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা নিয়ে আলোচনা করছেন।

এদিকে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ছাড়া মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় ও পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সব মিলিয়ে টুঙ্গিপাড়ায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার পর গোপালগঞ্জজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বিশেষ করে ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।