জাতীয়

গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন; নিষিদ্ধ যুবলীগের ৩ জন গ্রেফতার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ পিএম

গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন; নিষিদ্ধ যুবলীগের ৩ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-২। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন (৫৫)। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, খুনসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য দুজন হলেন মো. বিল্লাল হোসেন (৪১) ও মো. আবুল বাশার (৪৭)।

এসআরবি-২ সূত্রে জানা গেছে, সংস্থাটির নিজস্ব গোয়েন্দা নজরদারির মাধ্যমে তথ্য পাওয়া যায়, গোপালগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তিন ব্যক্তি রাজধানীর মোহাম্মদপুরের একটি এলাকায় অবস্থান করছেন। তারা ওই এলাকার স্থায়ী বাসিন্দা নন বলেও গোয়েন্দা তথ্যে উঠে আসে। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে সেখানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার আগেই তাদের আটক করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা গেছে, গ্রেফতার তিনজনই গোপালগঞ্জের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে কাজী নুরুল আমিন তুহিন কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছে এসআরবি-২।

সংস্থাটির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন বলে স্বীকার করেছেন। তবে তাদের পরিকল্পিত কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে জিজ্ঞাসাবাদ চলছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এসআরবি-২ আরও জানিয়েছে, গ্রেফতার কাজী নুরুল আমিন তুহিনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, চুরি, অগ্নিসংযোগ, মারধর ও গুরুতর জখমের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। ওই মামলায় খুন, হত্যাচেষ্টা, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা ও বেআইনি সমাবেশের অভিযোগ রয়েছে। এসব মামলার অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।