জাতীয়

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও রাষ্ট্রীয় নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীকে নিজেদের জেলা হবিগঞ্জ সফরের আমন্ত্রণ জানান। শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক পরিবেশে কথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রী তাদের হাতে চকলেট তুলে দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই নিজেদের শুধু পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়েও নিজেদের প্রতিভা বিকশিত করতে হবে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের দক্ষতা এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় খেলার মাঠ ও অন্যান্য সুযোগ-সুবিধা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা যেন পড়ালেখার পাশাপাশি নিজেদের পছন্দ ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ পায়, সরকার সে বিষয়েও উদ্যোগ নিচ্ছে।

ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের অন্তত তৃতীয় একটি ভাষা শেখার চেষ্টা করা উচিত। এতে ভবিষ্যতে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক যোগাযোগ এবং কর্মক্ষেত্রে তারা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, প্রচলিত শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন ভবিষ্যতের কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষার্থীদের আরও যোগ্য করে তুলবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার চায় শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দক্ষ হয়ে উঠুক। ভবিষ্যতে দেশ পরিচালনা ও জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে হলে এখন থেকেই নিজেদের যোগ্যতা ও দক্ষতা বাড়ানোর বিকল্প নেই।

এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বাড়ির আশপাশসহ বিভিন্ন খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ, ভবিষ্যৎ কর্মসংস্থান, নেতৃত্বের প্রস্তুতি এবং পরিবেশ সচেতনতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।