আইন আদালত
ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার পুনরায় করার বিষয়ে ভারতের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে একই অপরাধের জন্য দ্বিতীয়বার বিচার বা ‘ডি নোভো ট্রায়াল’-এর কোনো আইনগত সুযোগ নেই। ভারতের এমন দাবিকে ‘উদ্ভট’ বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া নিয়ে ভারত পুনর্বিচার কিংবা আপিলের সুযোগ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বাংলাদেশের আইনি অবস্থান তুলে ধরেন।
চিফ প্রসিকিউটর বলেন, কোনো একটি দেশ যদি মনে করে, বাংলাদেশে শেখ হাসিনার যে বিচার সম্পন্ন হয়েছে, সেটি আবার নতুন করে করতে হবে, তাহলে সেটিকে আইনের ভাষায় ‘ডি নোভো ট্রায়াল’ বলা হয়। অর্থাৎ, আগের বিচারপ্রক্রিয়া নতুন করে শুরু করে পুনরায় বিচার সম্পন্ন করা। একসময় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিচারব্যবস্থায় এ ধরনের বিচারপ্রক্রিয়ার বিধান থাকলেও পরবর্তী সময়ে তিন দেশের বিচারিক ব্যবস্থায় এ পদ্ধতি বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, যে দেশ নিজেরাই ডি নোভো ট্রায়ালের চর্চা করে না, সেই দেশ অন্য একটি দেশকে একই পদ্ধতিতে বিচার করার পরামর্শ দিচ্ছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে নতুন করে বিচার শুরুর এমন কোনো বিধান নেই। এখানে আইন অনুযায়ী আপিলের সুযোগ রয়েছে, কিন্তু দ্বিতীয়বার একই বিষয়ে বিচার করার কোনো সুযোগ নেই।
ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া শুরুর সময় থেকেই ভারত এ বিষয়ে অবগত ছিল। বিচার চলাকালে তিনি ভারতের আশ্রয়ে ছিলেন। সে সময় ভারত কেন তাঁকে বাংলাদেশে ফিরে এসে বিচার মোকাবিলা করার পরামর্শ দেয়নি? কেন নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার বিষয়ে তাঁকে উৎসাহিত করেনি? বিচার ও আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, বিচারপ্রক্রিয়া চলাকালে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু নির্ধারিত সময়ে সেই সুযোগ গ্রহণ না করে এখন নতুন করে বিচার আয়োজনের পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশের আইনে এ ধরনের পুনর্বিচারের কোনো প্রক্রিয়া না থাকায় ভারতের এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। এ ধরনের উদ্ভট দাবি বাংলাদেশ প্রত্যাখ্যান করছে।
শেখ হাসিনার আপিল করার সুযোগ রয়েছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, আপিলের সুযোগ সরকার কিংবা চিফ প্রসিকিউটরের ইচ্ছায় তৈরি বা পরিবর্তন করা সম্ভব নয়। এটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট আইনের বিধানের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আইনটি আওয়ামী লীগ সরকারের সময়েই প্রণীত হয়েছিল।
তিনি জানান, ১৯৭৩ সালে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন প্রণয়ন করে। পরবর্তী সময়ে ২০১০ সালে ওই আইনের অধীনে ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনার জন্য বিধিমালা বা ‘রুলস অব প্রসিডিউর’ তৈরি করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকারও নিজেদের শাসনামলে এই আইন ও বিধিমালা ব্যবহার করে ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করেছে।
আমিনুল ইসলাম বলেন, বর্তমান বিচারপ্রক্রিয়ায় আপিলের বিধান নিয়ে নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি। বরং আগে থেকে বিদ্যমান আইন ও বিধিমালা অনুসরণ করেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে ভারতের পরামর্শ অনুযায়ী নতুন করে বিচার শুরু কিংবা ইচ্ছামতো আপিলের সুযোগ তৈরি করার কোনো আইনগত ভিত্তি নেই বলে জানান তিনি।