জাতীয়

সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার
ছবি: সংগৃহীত

সরকারি সম্পদের যথাযথ ব্যবহার, উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে সংসদ সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইন প্রণয়নের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও সরকারি অর্থের সঠিক ব্যবহার তদারকি করাও সংসদ সদস্যদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটি শক্তিশালী, কার্যকর ও জবাবদিহিমূলক সংসদই গণতন্ত্রের প্রাণকেন্দ্র।

স্পিকার বলেন, দেশে সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি ও ব্যাপ্তি বাড়ার সঙ্গে সঙ্গে এসব প্রকল্প বাস্তবায়নের কারিগরি এবং প্রশাসনিক জটিলতাও বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের শুধু প্রকল্প অনুমোদন বা বাজেট বরাদ্দের বিষয়টি বিবেচনা করলেই চলবে না; বরং সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং পাবলিক প্রকিউরমেন্ট ব্যবস্থার কার্যক্রম যথাযথভাবে পর্যবেক্ষণ করতে হবে। এর মাধ্যমে সরকারি সম্পদের অপচয় রোধ এবং বরাদ্দকৃত অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের অরিয়েন্টেশন কর্মশালা থেকে অর্জিত জ্ঞান সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশে সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়নাধীন ‘Strengthening Institutions, Policies and Services (SIPS)’ প্রকল্পের আওতায় আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক অরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ। এ সময় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধিসহ প্রকল্প পরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে স্পিকার বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে বর্তমান সংসদ কাজ করে যাচ্ছে। বিগত ১৫ বছরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দেশের মানুষ এখন বর্তমান নির্বাচিত সংসদের দিকে তাকিয়ে আছে। এ লক্ষ্য অর্জনে সরকারের উন্নয়ন কার্যক্রমের সহযোগী হিসেবে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।

সভাপতির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ১১ বছর পর একটি নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতা, দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। তিনি বলেন, যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করা সম্ভব হয়েছে, একইভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনও সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে শুধু বাজেট বরাদ্দ কিংবা সরকারি ব্যয়ের পরিমাণ পর্যবেক্ষণ করলেই যথেষ্ট নয়। বরং বরাদ্দকৃত অর্থের প্রকৃত সুফল সাধারণ মানুষ ও নির্ধারিত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংসদীয় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকের ঋণের সুদ মওকুফ এবং কৃষক কার্ড চালু। এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, কৃষকদের সহায়তা এবং এসডিজির নির্ধারিত অভীষ্ট অর্জনে কার্যকর ভূমিকা রাখা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্পিকার সংসদের উন্নয়ন কার্যক্রমে ইউএনডিপির ধারাবাহিক সহযোগিতার জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান। পরে তিনি কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সংসদ সদস্যদের সরকারি অর্থ ও উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপনা সম্পর্কে দক্ষতা বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।