রাজনীতি

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি মাদক চোরাচালান ও অবৈধ প্রবেশ ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা অংশ নেন।

সভায় মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে সেগুলো নির্মূলে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের উৎস ও প্রবাহ তদন্তের সুপারিশ করেন তিনি।

বৈঠকে সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোর মতো বাংলাদেশের সীমান্তেও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সীমান্ত নজরদারিতে ড্রোন প্রযুক্তির কার্যকর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অন্যদিকে, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সবার আগে প্রয়োজন সামাজিক বিপ্লব। মাদক প্রতিরোধ কেবল কোনো একটি মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক দায়িত্ব নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব। এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

সভায় মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও চোরাচালানের রুটগুলো চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। মাদক পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বিত নজরদারি জোরদার, যৌথ অভিযান পরিচালনা এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।