রাজনীতি

আগামী দিনে জামায়াতই হবে সরকারি দল: এটিএম মাছুম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

আগামী দিনে জামায়াতই হবে সরকারি দল: এটিএম মাছুম
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম বলেছেন, আগামী দিনে জামায়াতে ইসলামী দেশের সরকারি দল হিসেবে দায়িত্ব পালন করবে। সে লক্ষ্য অর্জনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের আদর্শিক দৃঢ়তা বজায় রাখার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা, আনুগত্য ও নেতৃত্বের গুণাবলি আরও সুদৃঢ় করতে হবে। দলীয় আদর্শ প্রতিষ্ঠায় নেতাকর্মীদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১৪ নভেম্বর) ফেনীতে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে নবনির্বাচিত জেলা আমিরের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম মাছুম বলেন, জামায়াতে ইসলামীকে পর্যায়ক্রমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে। নানা চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করেই দলটি বর্তমান অবস্থানে পৌঁছেছে। দেশে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। ইতোমধ্যে দলটি প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, মহান আল্লাহ মানুষকে পৃথিবীতে দায়িত্বশীল হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহর নির্দেশনা অনুযায়ী ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পৃথিবী পরিচালনা করাই মানুষের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হলে নেতৃত্ব অন্যদের হাতে চলে যায়। মুসলিম দেশগুলোতে যথাযথ নেতৃত্ব প্রতিষ্ঠিত না হওয়ায় বিভিন্ন রাষ্ট্রে অমুসলিমদের হাতে ক্ষমতা চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

মুসলিম বিশ্বে নেতৃত্বের সংকট তুলে ধরে আবু তাহের মাছুম বলেন, অন্যান্য জাতির নিজস্ব নেতৃত্ব থাকলেও মুসলিম জাতি আজ নেতৃত্বশূন্য। ইসলামী খেলাফত তথা কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে ইখওয়ানুল মুসলেমিন এবং উপমহাদেশে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে প্রতিকূল পরিস্থিতির কারণে অনলাইনে শপথ গ্রহণের আয়োজন করা হতো। তবে ফ্যাসিবাদের পতনের পর অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় এবার সরাসরি সম্মেলনের মাধ্যমে শপথ অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়েছে।

দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। তেল, গ্যাস ও সারের দাম আকাশচুম্বী। সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ৯০ শতাংশ মুসলমানের দেশে জাতিসত্তা ও ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত আসছে বলেও অভিযোগ করেন তিনি। রাষ্ট্রপতির দুর্গাপূজা নিয়ে বক্তব্য এবং মন্ত্রী-এমপিদের ধারাবাহিক বিভিন্ন মন্তব্যকে এর প্রতিফলন হিসেবে উল্লেখ করেন জামায়াতের এই নেতা।

সরকার জামায়াতে ইসলামীকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, জুলাই সনদকে অবজ্ঞা করে সরকার দেশের মানুষের প্রত্যাশার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ পরিস্থিতিতে ১১-দলীয় জোট রাজপথে আন্দোলনে নেমেছে। আগামী দিনে আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও নেতাকর্মীদের সতর্ক করেন আবু তাহের মাছুম। তিনি বলেন, জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে বড় হচ্ছে। তবে দলের কিছু নেতাকর্মীর মধ্যে আনুগত্য ও শৃঙ্খলার ক্ষেত্রে শিথিলতা দেখা যাচ্ছে। অনেকেই সাংগঠনিক আদর্শের পরিবর্তে ব্যক্তিগত ও দুনিয়াবি স্বার্থের প্রতি বেশি ঝুঁকে পড়ছেন। এ অবস্থায় গ্রুপিং, নেতৃত্বের প্রতি লোভ এবং সাংগঠনিক শৃঙ্খলা ও আনুগত্যের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।

তিনি আরও অভিযোগ করেন, একটি মহল জামায়াতের সংসদ সদস্যদের লক্ষ্য করে তাঁদের চরিত্রহননের অপচেষ্টা চালাচ্ছে। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণকে সঙ্গে নিয়ে দলকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সংগঠনের পরিকল্পনা অনুযায়ী রাজপথ, সংসদ এবং জনগণের মন জয় করার পাশাপাশি ৫ আগস্টের চেয়েও বড় বিপ্লবের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন জামায়াতের এই নেতা।

অনুষ্ঠানে জেলা আমির নির্বাচন পরিচালক কাজী নজরুল ইসলাম খাদেমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং সাবেক জেলা আমির এ কে এম শামছুদ্দীনসহ স্থানীয় নেতারা।