জাতীয়

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দিয়েছে সরকার।

শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি পর্যালোচনায় আয়োজিত এক সভায় এ নির্দেশনা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভায় টার্মিনালটির কার্যক্রম নির্ধারিত সময়ে শুরু করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। পাশাপাশি যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ের মধ্যে এর কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। সংশ্লিষ্ট সব সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় টার্মিনালটি এখন চালুর পর্যায়ে পৌঁছেছে।

তিনি আরও বলেন, সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা সম্ভব হলে আগামী ১৬ ডিসেম্বর থেকে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ফ্লাইট পরিচালনার মাধ্যমে কার্যক্রম চালু করা হলেও পরবর্তী সময়ে পূর্ণাঙ্গভাবে টার্মিনালটি চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু হলে দেশের বিমান পরিবহন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক যাত্রীসেবা, বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।