সারাদেশ

যারা মাহফিলে বাঁধা দেয় তাদের জন্মের ঠিক নাই: আমির হামজা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

যারা মাহফিলে বাঁধা দেয় তাদের জন্মের ঠিক নাই: আমির হামজা
ছবি: সংগৃহীত

কোরআনের মাহফিল আয়োজন ও তাতে বাধা দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ে বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেছেন, অতীতে যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, বর্তমানে দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে, তারা মুসলমান হলেও ‘তাদের জন্মের ঠিক নেই’। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ মাহফিলে আমির হামজা বলেন, কোরআনের মাহফিলে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা সৃষ্টি করেন, তাদের এমন মন্তব্যের মুখে পড়তে হবে। এ সময় তিনি ইসলামের প্রাথমিক যুগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ধর্ম প্রচারের কাজে বাধা দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন। দ্বীনের কাজে বাধাদানকারীদের সমালোচনা করতে গিয়ে তিনি মাহফিলে উপস্থিত মুসল্লিদের সামনে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন।

এদিকে নিজের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথোপকথনের অডিও নিয়েও বক্তব্য দেন আমির হামজা। তিনি দাবি করেন, প্রায় ছয় বছর আগের একটি ঘটনার অডিও সম্প্রতি প্রকাশ করা হচ্ছে। কোনো নারীর সঙ্গে অন্য একজনের কথোপকথন তাঁর নামে প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এত দিন পর হঠাৎ করে এসব বিষয় সামনে আনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

আমির হামজা আরও বলেন, ২০১২ সাল থেকেই তিনি কোরআনের মাহফিল ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়ে আসছেন। কিন্তু ২০২৬ সালে সংসদীয় আসনের মনোনয়ন পাওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে এসব বিষয় সামনে আনা হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন আগের ঘটনা এখন প্রকাশের পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য থাকতে পারে।

মাহফিলে নারীদের প্রসঙ্গেও বক্তব্য দেন এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, আল্লাহ ও রাসুলের পর তিনি নারীদের সবচেয়ে বেশি সম্মান করেন। তবে একই বক্তব্যে রাস্তায় ছেলেদের সঙ্গে মিছিলে অংশ নেওয়া নারীদের নিয়ে কটাক্ষ করেন এবং আপত্তিকর মন্তব্য করেন। তাঁর এই বক্তব্য নিয়েও নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। এ ছাড়া স্থানীয় জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমান, মুহাদ্দিস শাফিউর রহমান আফসারীসহ স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

একই দিন ওই মাঠে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক দেয় ‘সচেতন কালীগঞ্জবাসী’। একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় কালীগঞ্জ থানায় একটি জরুরি সমঝোতা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না-এমন শর্তে মাহফিল আয়োজনের বিষয়ে বিএনপি ও জামায়াতের নেতারা একমত হন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবসহ স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

তবে মাহফিলে দেওয়া আমির হামজার বক্তব্যে সেই সমঝোতার শর্ত মানা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে মাহফিলে বাধাদানকারীদের নিয়ে তাঁর আক্রমণাত্মক মন্তব্য এবং নারীদের নিয়ে কটাক্ষ নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই তাঁর এমন বক্তব্য ঘিরে স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।