সারাদেশ

চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
ছবি: সংগৃহীত

দারিদ্র্য, সংসারের অভাব-অনটন ও স্বামীর অবহেলায় চরম আর্থিক সংকটে পড়ে নিজের ১৩ মাস বয়সী ছেলেকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দিয়েছেন এক মা। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা প্রশাসন। পরে আর্থিক সহায়তা দিয়ে শিশুটিকে আবারও মায়ের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (তারিখ উল্লেখ না থাকায়) সন্ধ্যায় উপজেলার বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম আল আমিন। তার মা অনিকা আক্তার উপজেলার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে কাজের সুবাদে চট্টগ্রামে অবস্থানকালে একই এলাকার হাসান চৌধুরী নামের এক যুবকের সঙ্গে অনিকার বিয়ে হয়। বিয়ের ১১ মাস পর তাঁদের ঘরে জন্ম নেয় আল আমিন।

শিশুটির মা অনিকা আক্তার জানান, সন্তান জন্মের আগে থেকেই তাঁর স্বামী হাসান চৌধুরী তাঁর ও সন্তানের কোনো খোঁজখবর নিতেন না। স্বামীর অবহেলার পাশাপাশি সংসারে চরম আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। এর মধ্যে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে সন্তানের ভরণপোষণ চালানো তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ে। ছেলেটি যেন অন্তত খেয়েপরে ভালো থাকতে পারে, সেই চিন্তা থেকেই শেষ পর্যন্ত এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি।

অনিকা জানান, গত বুধবার সন্ধ্যায় মোংলা উপজেলার শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের হাতে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে তুলে দেন তিনি। তবে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয় এবং প্রশাসনের নজরে আসে।

খবর পেয়ে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লা শিশুটিকে উদ্ধার করেন। পরে মায়ের আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং শিশুটিকে মায়ের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লা বলেন, শিশুটিকে বিক্রির খবর পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে শিশু বিক্রির কোনো সুযোগ নেই। আপাতত আর্থিক সহায়তা দিয়ে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে নিতে আগ্রহীদের আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।