সারাবিশ্ব
জেডি ভ্যান্সকে কোণঠাসা করে ট্রাম্প কেন বলছেন ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই?
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা নতুন মোড় নিয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধবিরতি কিংবা স্থায়ী শান্তিচুক্তির কোনো স্পষ্ট অগ্রগতি না থাকায় পরিস্থিতিকে বিশ্লেষকেরা ‘যুদ্ধও নেই, শান্তিও নেই’ হিসেবে বর্ণনা করছেন। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে ইরান ইস্যুতে মধ্যস্থতার দায়িত্ব থেকে ভ্যান্সের মনোযোগ সরিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর দিতে বলেছেন তিনি।
শুক্রবার ভোরে বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থায় ইরানের হামলার দাবি সামনে আসার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প এ মন্তব্য করেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক দুর্নীতি ও অপরাধের অভিযোগের দিকে পূর্ণ মনোযোগ দিতে ভ্যান্সকে নির্দেশ দিয়েছেন তিনি।
ট্রাম্পের ভাষ্য, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে কোনো চুক্তি করার প্রয়োজন নেই। এ বিষয়ে আলোচনার সময়ও অনেক আগেই পেরিয়ে গেছে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের কাছ থেকে শত শত বিলিয়ন ডলারের সমপরিমাণ সুবিধা পেয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়েছে। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থানের কারণে ট্রাম্পের এই দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন রয়েছে।
ইরান ইস্যুতে জেডি ভ্যান্সের অবস্থান শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের সামরিক নীতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার সমালোচক হিসেবে পরিচিত ভ্যান্স মনে করেন, এই সংঘাতের রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য যুক্তরাষ্ট্রকে বহন করতে হচ্ছে। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ট্রাম্পের সামরিক অভিযান, জ্বালানি সংকট এবং মূল্যস্ফীতির প্রভাব রয়েছে বলেও তিনি মত দিয়েছেন।
এর আগে গত এপ্রিলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভ্যান্স। পরবর্তী সময়ে জুনে ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকায় সেই সমঝোতা বেশিদিন স্থায়ী হয়নি। ফলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের প্রচেষ্টা আবারও অনিশ্চয়তার মুখে পড়ে।
বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে ভ্যান্সের অবস্থান এবং ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের মধ্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব রয়েছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সামরিক নীতি নিয়ে সমালোচনা এবং জনসমর্থন কমে যাওয়ার প্রেক্ষাপটে ভ্যান্সকে ইরান ইস্যু থেকে কিছুটা দূরে রাখার বিষয়টি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তবে এটি ভ্যান্সকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কি না, সে বিষয়ে ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট কিছু জানানো হয়নি।
এর আগেও ইরান ইস্যুতে ব্যর্থতার দায় ভ্যান্সের ওপর চাপানোর ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। গত জুনে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি সফল হলে সেই কৃতিত্ব তিনি নিজেই নেবেন। আর আলোচনা ব্যর্থ হলে দায় পড়বে ভ্যান্সের ওপর। এ সময় ভ্যান্সকে সতর্ক থাকার কথাও বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। বেশ কয়েকটি জাহাজ নৌ-মাইন কিংবা ইরানি সামরিক বাহিনীর হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইরান গত ১২ দিনে অন্তত ১২টি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে। অন্যদিকে, ট্রাম্প বারবার দাবি করছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি এখনো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। তবে বাস্তবে এই জলপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সংঘাতের পরবর্তী গতিপথ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্রদেশ তাকে ইরানের ওপর নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দিতে সক্ষম।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। বাহিনীটি জানিয়েছে, উপযুক্ত সময় এলে ভৌগোলিক সীমানা অতিক্রম করে শত্রুদের বিরুদ্ধে হামলা চালানোর নির্দেশ বাস্তবায়ন করা হবে। এতে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরানও আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, যুদ্ধের আগের অবস্থায় হরমুজ প্রণালি আর কখনো ফিরে যাবে না। তার দাবি, কাতারের মাধ্যমে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান ওয়াশিংটনের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে।
গালিবাফ জানান, প্রস্তাবটিতে মোট সাতটি শর্ত রয়েছে। এখন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ইরান। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বল এখন আমেরিকার কোর্টে।’
সব মিলিয়ে, একদিকে ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই বলে ঘোষণা, অন্যদিকে ভ্যান্সকে ইরান ইস্যু থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার নির্দেশ এবং তেহরানের পক্ষ থেকে নতুন প্রস্তাব পাঠানোর দাবি-সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সামরিক শক্তি প্রদর্শন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং কূটনৈতিক দর-কষাকষির মধ্যে শেষ পর্যন্ত কোন পথে এগোবে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক, সেটিই এখন আন্তর্জাতিক মহলের প্রধান আলোচনার বিষয়।