জাতীয়
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। বাণীতে তিনি বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা উদ্বেগের বিষয়। এ পরিস্থিতিতে ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও সঠিক চিকিৎসা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক এবং কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলে হৃদযন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এ রোগের জটিলতা কখনো কখনো জীবনহানির কারণও হয়ে দাঁড়াতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
সরকারের স্বাস্থ্যসেবা পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সরকারকে পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব হবে।
তিনি বলেন, সরকার এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে দেশের প্রতিটি মানুষ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে সবাই যেন সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন, সেটিই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই।
বাণীতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও দেশে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে, যা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবার সম্প্রসারণ, গবেষণা এবং জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের মানুষের দোরগোড়ায় ডায়াবেটিসের চিকিৎসা ও প্রতিরোধমূলক সেবা পৌঁছে দিতে সমিতির নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে এবং ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
সবশেষে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সব সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দিবসটি উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন তিনি।