জাতীয়

২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি
ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় ভয়াবহ লোডশেডিংয়ের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বলে জাতীয় সংসদে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। নির্বাচনের আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এলাকার বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন উত্থাপনকালে এসব কথা বলেন জয়নুল আবেদীন।

সংসদে নিজের বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল জনগণকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে বাবুগঞ্জ ও মুলাদীসহ এলাকার মানুষকে আশ্বস্ত করা হয়েছিল, বিএনপি সরকার গঠন করলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। কিন্তু সরকার গঠনের পরও বাস্তব পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং তার নির্বাচনি এলাকার মানুষকে প্রতিদিন ভয়াবহ লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হচ্ছে। দিনের ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বলে সংসদে অভিযোগ করেন তিনি।

বিদ্যুৎ সমস্যার সমাধানে মন্ত্রীর দেওয়া পূর্ববর্তী বক্তব্যের প্রসঙ্গ তুলে জয়নুল আবেদীন বলেন, মন্ত্রী তার জবাবে জানিয়েছেন, ওই এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তবে শুধু ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে এত বড় সমস্যার সমাধান সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার মতে, এলাকার বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে আরও উচ্চক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ সময় বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় অন্তত ১৪০ বা ১৪৪ কেভি ক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণের দাবি জানান এই সংসদ সদস্য। পাশাপাশি প্রস্তাবিত উপকেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও সময়সীমা জানতে চান তিনি।

জয়নুল আবেদীন বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকটের কারণে তার নির্বাচনি এলাকার সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ পরিস্থিতির দ্রুত অবসান ঘটাতে উচ্চক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণকাজ কবে নাগাদ শুরু হবে এবং কত দিনের মধ্যে তা বাস্তবায়ন করা সম্ভব হবে, সে বিষয়ে বিদ্যুৎমন্ত্রীর কাছে স্পষ্ট ব্যাখ্যা চান তিনি।