সারাবিশ্ব

দুই সুপারট্যাঙ্কার জ্বালিয়ে দিয়ে ইরানের হুঁশিয়ারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

দুই সুপারট্যাঙ্কার জ্বালিয়ে দিয়ে ইরানের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ৪০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেলবাহী দুটি বিশাল সুপারট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। এ ঘটনার পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে চলাচলকারী অন্যান্য জাহাজের প্রতিও কঠোর সতর্কবার্তা দিয়েছে দেশটির সামরিক বাহিনী।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, গত রাতে হরমুজ প্রণালির একটি অননুমোদিত নৌপথ দিয়ে চলাচলের সময় আইন লঙ্ঘন করায় দুটি সুপারট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে জাহাজ দুটির যাত্রা বন্ধ হয়ে যায় এবং সেগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির ট্রাফিক কন্ট্রোল সেন্টার থেকে জাহাজ দুটিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। বিশেষ করে প্রণালির দক্ষিণ দিকের একটি নির্দিষ্ট নৌপথকে অননুমোদিত, অবৈধ ও অনিরাপদ হিসেবে উল্লেখ করে সেখানে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়। তবে বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও জাহাজ দুটি ওই পথ দিয়ে অগ্রসর হতে থাকে। একপর্যায়ে সেগুলোতে বিস্ফোরণ ঘটে এবং চলাচল বন্ধ হয়ে যায় বলে দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে আরও জানানো হয়, বিস্ফোরণের শিকার দুটি জাহাজই ছিল বিশালাকৃতির তেলবাহী সুপারট্যাঙ্কার। সেগুলোতে সম্মিলিতভাবে ৪০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল পরিবহন করা হচ্ছিল। আইআরজিসি দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনীর ওপর নির্ভর করে অননুমোদিত নৌপথ ব্যবহার করার পরিণতিতেই জাহাজ দুটি এখন আগুনে পুড়ছে। তবে জাহাজ দুটির নাম, মালিকানা, জাতীয়তা কিংবা হতাহতের বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, এ ঘটনার পর হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে চলাচলকারী অন্যান্য বাণিজ্যিক জাহাজের প্রতিও কঠোর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি নৌবাহিনী। তাদের সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো জাহাজ যদি নিজেদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখে কিংবা হরমুজ প্রণালির অননুমোদিত দক্ষিণ নৌপথ অতিক্রম করতে গিয়ে মার্কিন বাহিনীর সঙ্গে সহযোগিতা করে, তবে সেগুলোকেও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।

আইআরজিসি আরও জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে তাদের নির্দেশনা ও সতর্কবার্তা উপেক্ষা করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে সেখানে সামরিক উত্তেজনা কিংবা জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বিশ্ববাজারে তেলের দামের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।