সারাবিশ্ব
আট বছর নারীর ছদ্মবেশে আত্মগোপন, ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় ধরা পড়লেন সাজাপ্রাপ্ত আসামি
পুলিশের গ্রেপ্তার এড়াতে দীর্ঘ আট বছর ধরে নারীর ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন তুরস্কের নাগরিক তুঘরুল বাশার। নিজের পরিচয় গোপন রাখতে শুধু পোশাক বা বাহ্যিক চেহারাই পরিবর্তন করেননি, বরং নিজের বোনের পরিচয় ব্যবহার করে জীবনযাপন করছিলেন তিনি। তবে দীর্ঘদিনের এই কৌশল শেষ পর্যন্ত কাজে আসেনি। পুলিশের বিশেষ অভিযানে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তার আসল পরিচয় শনাক্ত হওয়ার পর গ্রেপ্তার হন তিনি। সম্প্রতি ইস্তাম্বুলের কাদিকয় জেলায় এ ঘটনা ঘটে।
ঘটনার সূত্রপাত ২০১০ সালে। সে সময় সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে তিনটি ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়েন তুঘরুল বাশার। এসব অপরাধের দায়ে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন। কিন্তু সাজা ভোগ করতে কারাগারে যাওয়ার পরিবর্তে আত্মগোপনের পথ বেছে নেন তিনি। ২০১৮ সাল থেকে নিজের পরিচয় আড়াল করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াতে শুরু করেন। এরপর দীর্ঘ আট বছর ধরে বিভিন্ন কৌশলে নিজের অবস্থান ও পরিচয় গোপন রাখতে সক্ষম হন।
পলাতক আসামিদের গ্রেপ্তারে সম্প্রতি ইস্তাম্বুল পুলিশ বিশেষ অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে কর্মকর্তাদের নজরে আসে এক নারীর পরিচয়ে বসবাস করা এক ব্যক্তি, যার আচরণ ও পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। পরবর্তী সময়ে তদন্তে জানা যায়, ওই ব্যক্তি নিজের বোনের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন। বাহ্যিকভাবে তার চেহারায় এতটাই পরিবর্তন আনা হয়েছিল যে, আগের ছবির সঙ্গে বর্তমান চেহারার মিল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।
তবে পুলিশের সন্দেহ দূর করতে নেওয়া হয় প্রযুক্তিগত সহায়তা। দীর্ঘ নজরদারির পাশাপাশি তার আঙুলের ছাপ পরীক্ষা করা হয়। ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ফলাফলেই বেরিয়ে আসে আসল পরিচয়। নিশ্চিত হওয়া যায়, নারীর পরিচয়ে বসবাস করা ওই ব্যক্তি আর কেউ নন, তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তুঘরুল বাশার। এভাবেই আট বছর ধরে চলা তার আত্মগোপনের অবসান ঘটে।
নিজের পরিচয় গোপন রাখতে বাশার যে কৌশলই অবলম্বন করুন না কেন, শেষ পর্যন্ত পুলিশের পরিচয় শনাক্তকরণ প্রযুক্তির কাছে ধরা পড়ে যায় তার সব চেষ্টা। তবে তার ছদ্মবেশ ও পরিচয় পরিবর্তনের বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে নিজের বোনের পরিচয় ব্যবহার করে এত দীর্ঘ সময় ধরে কীভাবে তিনি আত্মগোপনে ছিলেন, তা নিয়েও কৌতূহল দেখা দিয়েছে।
এদিকে, আইনি পরিচয়ের বিষয়টিও তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্কের সিভিল রেজিস্ট্রেশন ব্যবস্থায় নিজের নাম বা আইনি লিঙ্গ পরিবর্তন না করায় গ্রেপ্তারের পর তার পরিচয় পুরুষ হিসেবেই শনাক্ত হয়েছে। ফলে সাজা কার্যকরের জন্য তাকে পুরুষদের কারাগারে পাঠানো হচ্ছে। দীর্ঘ আট বছর ধরে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত তিন বছরের কারাদণ্ড এড়াতে পারলেন না তুঘরুল বাশার।