রাজনীতি
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, থাকছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বৈঠক ও গণসংবর্ধনা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। আগামী ১৩ নভেম্বর রাতে ঢাকা থেকে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করবেন তিনি। জুলাই আন্দোলনের পর এটিই নাহিদ ইসলামের প্রথম যুক্তরাজ্য সফর বলে জানিয়েছেন সফর বাস্তবায়ন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশাম হক।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করবেন নাহিদ ইসলাম। এ সময় তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়সহ দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
এসব বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের ভবিষ্যৎ, মানবাধিকার এবং তরুণ প্রজন্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রা, তরুণদের অংশগ্রহণ এবং মানবাধিকার পরিস্থিতি আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।
সফরকালে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও মতবিনিময় করবেন নাহিদ ইসলাম। এসব বৈঠকের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
এদিকে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর উপলক্ষে তাঁকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় লন্ডনের মেফেয়ার ভেন্যুতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সফর বাস্তবায়ন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশাম হক এ তথ্য জানিয়েছেন।
এ উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রত্যাশীদের অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এহতেশাম হক। তাঁর প্রত্যাশা, এই আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নাহিদ ইসলামের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফরের সার্বিক প্রস্তুতি, বাস্তবায়ন ও সমন্বয়ের জন্য গত ১ নভেম্বর ২৮৯ সদস্যবিশিষ্ট একটি সফর বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এনসিপির ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্যোগে গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে এহতেশাম হককে। কমিটিটি সফরের বিভিন্ন কর্মসূচি আয়োজন, সমন্বয় এবং বাস্তবায়নের দায়িত্ব পালন করছে।