জাতীয়
কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের এই মিলনমেলায় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনস্থলে পৌঁছান। সেখানে আয়োজকদের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি সম্মেলনের বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেওয়ার আগে লিডার্স লাউঞ্জে উপস্থিত বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সম্মেলনের উদ্বোধনী আয়োজনকে কেন্দ্র করে লিডার্স লাউঞ্জে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সমাগম ঘটে। সেখানে একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ।
এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক পর্যায়ের এসব সাক্ষাৎ ও অনানুষ্ঠানিক আলোচনা বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার করার সুযোগ তৈরি করেছে।
এবারের কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক এবং সৌজন্য সাক্ষাতের কর্মসূচিও রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাও এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।