সারাবিশ্ব
জর্ডানে মসজিদের অজুর পানি শোধন করে গড়ে উঠছে সবুজ উদ্যান
তীব্র পানিসংকটে জর্জরিত মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে পানির প্রতিটি ফোঁটা সাশ্রয়ের জন্য নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এরই অংশ হিসেবে মসজিদে অজুর কাজে ব্যবহৃত পানিকে শোধন করে পুনরায় সেচের কাজে ব্যবহার করা হচ্ছে। আর এই উদ্যোগের ফলে একসময়কার শুষ্ক ও অনুর্বর ভূমিতে গড়ে উঠছে সবুজ উদ্যান। ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পানি সংরক্ষণের এমন ব্যতিক্রমী উদ্যোগ পরিবেশ রক্ষায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
জর্ডানের রাজধানী আম্মানের পশ্চিমে বালকা প্রদেশের দেইর আল্লা এলাকায় অবস্থিত আবু ওবাইদা মসজিদ। জর্ডান উপত্যকার অন্যতম উষ্ণ ও শুষ্ক এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণও তুলনামূলকভাবে কম। চারপাশের ফ্যাকাশে পাহাড় আর শুষ্ক ভূমির মাঝখানে মসজিদটিকে ঘিরে গড়ে উঠেছে একটি মনোরম সবুজ উদ্যান। নানা প্রজাতির গাছপালা, ঝোপঝাড় ও ফুলে সাজানো এই বাগান দূর থেকে দেখতে অনেকটা মরুদ্যানের মতো। তবে এর পেছনে নেই কোনো বিশেষ পানির উৎস। বরং নামাজিদের অজুর কাজে ব্যবহৃত পানিই শোধন করে কাজে লাগানো হচ্ছে বাগানের গাছপালা বাঁচিয়ে রাখতে।
মসজিদটির বাগানে ব্যবহার করা হচ্ছে আধুনিক ড্রিপ সেচ পদ্ধতি। এ ব্যবস্থায় মাটির নিচে স্থাপন করা পাইপের মাধ্যমে সরাসরি গাছের শিকড়ে প্রয়োজনীয় পানি পৌঁছে দেওয়া হয়। ফলে পানির অপচয় কমার পাশাপাশি গাছপালাও পর্যাপ্ত আর্দ্রতা পায়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সেচের জন্য সরকারি বা পৌরসভার সুপেয় পানির ওপর নির্ভর করতে হচ্ছে না। মসজিদের অজুখানায় ব্যবহৃত পানিই পরিশোধনের মাধ্যমে পুনরায় কাজে লাগানো হচ্ছে।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে জর্ডানের লাখ লাখ মুসলিম অজু করার জন্য হাত, মুখ ও পা ধুয়ে থাকেন। কিন্তু দেশটির ভয়াবহ পানিসংকটের বাস্তবতায় এই ব্যবহৃত পানির পুনর্ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিসংখ্যান অনুযায়ী, জর্ডানে একজন মানুষের জন্য নবায়নযোগ্য সুপেয় পানির বার্ষিক প্রাপ্যতা মাত্র ৬১ ঘনমিটার। জাতিসংঘের নির্ধারিত চরম পানিসংকটের সীমা ৫০০ ঘনমিটারের তুলনায় এই পরিমাণ আট ভাগের এক ভাগেরও কম। ফলে দেশটিতে পানির প্রতিটি ফোঁটা সংরক্ষণ করা এখন বড় চ্যালেঞ্জ।
আবু ওবাইদা মসজিদে এই ব্যতিক্রমী প্রকল্পটি বাস্তবায়ন ও পরিচালনা করছে জর্ডানিয়ান অ্যাকুয়া কনজারভেশন অ্যাসোসিয়েশন (জাকা)। সংস্থাটির প্রতিষ্ঠাতা আহমেদ আল-রাউসান বলেন, জর্ডানের মানুষ প্রতিদিনের জীবনযাত্রায় পানির সংকটের তীব্রতা উপলব্ধি করেন। এমন পরিস্থিতিতে মসজিদগুলোকে পানি সংরক্ষণের কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে পানির অপচয় রোধ ও সংরক্ষণের শিক্ষা দিয়ে থাকে। সেই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে মসজিদগুলোও যে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেটিই দেখাতে চেয়েছে সংস্থাটি।
প্রায় ১ কোটি ১৩ লাখ জনসংখ্যার জর্ডানে প্রায় ১ কোটি মানুষ মুসলিম। দেশটির খাদ্য চাহিদার বড় একটি অংশ পূরণ করতে হয় আমদানির মাধ্যমে। পানিসংকটের কারণে সাধারণ নাগরিকদেরও প্রতিদিন নানা ভোগান্তির মুখে পড়তে হয়। আবাসিক এলাকায় পৌরসভার পানি নিয়মিত সরবরাহ করা হয় না; বরং নির্দিষ্ট সময়ের জন্য রেশনিং পদ্ধতিতে পানি দেওয়া হয়। কোনো কোনো এলাকায় সপ্তাহে মাত্র ১২ ঘণ্টা পানি সরবরাহ করা হয়। এ কারণে বাড়ির ছাদে বড় পানির ট্যাংক স্থাপন করে পানি সংরক্ষণ করতে হয় বাসিন্দাদের।
জাকার মতে, দেশটির হাজার হাজার মসজিদে অজুর কাজে ব্যবহৃত পানি পুনর্ব্যবহার করা গেলে পানিসংকট মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে প্রায় ৩৬ লাখ মসজিদে অজুর কাজে প্রতিবছর আনুমানিক ২ কোটি ২৫ লাখ ঘনমিটার পানি ব্যবহার করা হয়। অন্যদিকে, জর্ডানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে সাড়ে সাত হাজারেরও বেশি মসজিদ রয়েছে। এসব মসজিদে ব্যবহৃত পানির একটি অংশও পুনরায় কাজে লাগানো সম্ভব হলে সুপেয় পানির ওপর চাপ কিছুটা হলেও কমানো যেতে পারে।
জাকা ২০০৮ সাল থেকেই মসজিদের অজুর পানি পুনর্ব্যবহারের বিষয়ে কাজ করে আসছে। আবু ওবাইদা মসজিদের অজুখানার নিচে বিশেষ পাইপলাইন স্থাপন করা হয়েছে। এসব পাইপের মাধ্যমে ব্যবহৃত পানি সরাসরি একটি শোধন ইউনিটে চলে যায়। সেখানে কয়েকটি ধাপে পানি পরিশোধন ও ফিল্টার করার পর তা বাগানের সেচব্যবস্থায় পাঠানো হয়। ফলে আগে যে গাছপালা ও ঝোপঝাড় বাঁচিয়ে রাখতে মূল্যবান সরকারি সুপেয় পানি ব্যবহার করতে হতো, এখন সেই প্রয়োজন অনেকটাই কমে গেছে।
অজুর পানি পরিশোধনের প্রক্রিয়াটিও তুলনামূলকভাবে সহজ। জাকা প্রতিষ্ঠাতা আহমেদ আল-রাউসান জানান, অজুর সময় সাধারণত সাবান বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না। ফলে এই পানিতে রাসায়নিক দূষণের জটিলতা তুলনামূলকভাবে কম থাকে। পানি পরিশোধনের জন্য প্রথমে প্রাকৃতিক তলানীকরণ পদ্ধতি ব্যবহার করা হয়। এরপর কাদা ও বালুর পাঁচটি স্তরের মধ্য দিয়ে পানি প্রবাহিত করে পরিষ্কার করা হয়। পরিশোধিত পানি পরবর্তী সময়ে বাগানের গাছপালায় সেচ দেওয়ার কাজে ব্যবহার করা হয়।
মসজিদের পাথরের দেয়ালে লাগানো একটি সাদা সাইনবোর্ডেও প্রকল্পটির উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। সেখানে জর্ডানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের লোগোর পাশাপাশি পানি সংরক্ষণ এবং মসজিদের পরিবেশ উন্নয়নের বিষয়টি উল্লেখ রয়েছে। তবে একটি মসজিদে সফলভাবে বাস্তবায়িত এই ধারণাকে দেশের অন্যান্য মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া সহজ ছিল না। দীর্ঘ ১৮ বছরের প্রচেষ্টায় জাকা এখন পর্যন্ত ১৮টি মসজিদ ও স্কুলে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করতে পেরেছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা আল-রাউসানের মতে, এই কার্যক্রম সম্প্রসারণে আর্থিক সংকট, কারিগরি সীমাবদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক জটিলতা বড় বাধা হিসেবে কাজ করেছে।
প্রতিটি মসজিদে প্রকল্পটি বাস্তবায়নের পর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে-ব্যবস্থাটির নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? মসজিদের ইমাম নাকি খাদেম? যদিও তাঁরা উভয়েই ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কর্মরত, কিন্তু তাঁদের দায়িত্ব ও কাজের ধরন আলাদা। ফলে রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারিত না থাকায় অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় পরিচর্যার অভাবে পানিশোধন ও পুনর্ব্যবহারের ব্যবস্থাগুলো অকার্যকর হয়ে পড়েছে। শুধু প্রযুক্তি স্থাপন করলেই যে প্রকল্প দীর্ঘদিন সচল রাখা সম্ভব নয়, এই অভিজ্ঞতা থেকে সেটিও স্পষ্ট হয়েছে।
এ সমস্যা সমাধানে জাকা জর্ডানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করে। মসজিদের জুমার খুতবায় পানি সংরক্ষণ ও অপচয় রোধের বিষয়টি অন্তর্ভুক্ত করার পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় প্রচারকদের জন্য সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-তাওয়ালবে জানান, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত ১ হাজার ২০০ জন মুয়াজ্জিন, ৭৫০ জন নারী ধর্মীয় প্রচারক, ১১০ জন ইমাম এবং ২৮ জন টেকনিশিয়ানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে জর্ডানের ধর্মবিষয়ক মন্ত্রণালয় ৫০টিরও বেশি মসজিদে বৃষ্টির পানি সংগ্রহের প্রকল্প বাস্তবায়ন করেছে। পাশাপাশি ৩৫টিরও বেশি মসজিদে অজুর পানি পুনঃপ্রক্রিয়াজাত করে সেচ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে মসজিদগুলোকে শুধু ধর্মীয় উপাসনার স্থান হিসেবে নয়, বরং পানি সংরক্ষণ ও পরিবেশবান্ধব কার্যক্রমের কেন্দ্র হিসেবেও গড়ে তোলার চেষ্টা চলছে।
জর্ডানের পানি পুনর্ব্যবহারের সামগ্রিক উদ্যোগের প্রশংসা করেছেন দেশটির সাবেক সেচমন্ত্রী মুতাসিম সাইদান। তাঁর মতে, বর্জ্য পানি পরিশোধন ও পুনর্ব্যবহারের ক্ষেত্রে জর্ডান বিশ্বব্যাপী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিবছর প্রায় ১৫ কোটি ঘনমিটার বর্জ্য পানি পরিশোধন করে পুনরায় ব্যবহার করা হয়। এর প্রায় ৯০ শতাংশই কৃষিকাজ ও সেচের কাজে ব্যবহৃত হয়। তবে অজুর পানি পুনর্ব্যবহারের সামগ্রিক সম্ভাবনা নিয়ে তিনি কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন। তাঁর মতে, এই খাত থেকে পাওয়া পানির পরিমাণকে অনেক সময় যতটা বড় করে দেখা হয়, বাস্তবে তা হয়তো ততটা বিশাল নয়। তবে পানিসংকটের মতো পরিস্থিতিতে অল্প পরিমাণ পানিও সঠিকভাবে কাজে লাগানো গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, শুধু সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে মানুষের দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনা কতটা সম্ভব, তা নিয়েও প্রশ্ন রয়েছে। আম্মানের বিভিন্ন মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লি আব্দুল্লাহ খালেদের মতে, ইমামরা নিয়মিতভাবে পানির সংকট ও অপচয় রোধের বিষয়ে খুতবায় আলোচনা করলেও বাস্তব জীবনে অনেকেই সেই শিক্ষা অনুসরণ করেন না। তিনি বলেন, একজন মুসল্লি হয়তো জুমার নামাজে পানি সাশ্রয় নিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ বক্তব্য মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু বাড়িতে ফিরে দেখা যায়, অসতর্কতার কারণে পানির ট্যাংক উপচে পানি পড়ে নষ্ট হচ্ছে কিংবা প্রয়োজন ছাড়াই কল খোলা রাখা হচ্ছে।
সব মিলিয়ে জর্ডানের মসজিদগুলোতে অজুর পানি পুনর্ব্যবহারের এই উদ্যোগ পানিসংকট মোকাবিলায় একটি পরিবেশবান্ধব ও বাস্তবসম্মত ধারণার উদাহরণ হয়ে উঠেছে। যদিও এ পদ্ধতিতে পুরো দেশের পানির চাহিদা পূরণ করা সম্ভব নয়, তবু প্রতিদিনের ব্যবহৃত পানির একটি অংশ পুনরায় কাজে লাগানোর মাধ্যমে সুপেয় পানির অপচয় কমানো সম্ভব। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান, প্রযুক্তি এবং জনসচেতনতাকে একসঙ্গে কাজে লাগিয়ে পরিবেশ সংরক্ষণের যে দৃষ্টান্ত জর্ডান তৈরি করছে, তা পানিসংকটে থাকা অন্যান্য দেশের জন্যও অনুসরণযোগ্য হতে পারে।