জাতীয়

অপতথ্য প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

অপতথ্য প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, অসত্য তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার প্রতিরোধে শিক্ষার্থীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি অপপ্রচার মোকাবিলা এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাইয়ের গুরুত্ব, ফ্যাক্টচেকিং, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে বিশ্বব্যাপী অত্যন্ত শক্তিশালী যোগাযোগমাধ্যমে পরিণত হয়েছে। মুহূর্তের মধ্যেই এ মাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে পড়তে পারে। তবে অনেক সময় যাচাই-বাছাই ছাড়াই অসত্য তথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাংলাদেশকে নিয়ে যেন কোনো ধরনের অপপ্রচার চালানো না হয় এবং ভুল তথ্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা না যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। পাশাপাশি জনগণের কাছে নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ফ্যাক্টচেকিং, মিসইনফরমেশন (অনিচ্ছাকৃত ভুল তথ্য) এবং ডিসইনফরমেশন (উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো মিথ্যা তথ্য) প্রতিরোধে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তরুণ প্রজন্ম তথ্য যাচাইয়ের চর্চা বাড়ালে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলা আরও কার্যকর হবে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় কাজ করছে। গণমাধ্যম যাতে স্বাধীনভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি দেশের গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করা হচ্ছে।

দেশের সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতায় একটি বিশেষ প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে একটি আন্তর্জাতিকভাবে পরিচিত বিদেশি সম্প্রচারমাধ্যমের সঙ্গে আলোচনা চলছে। প্রতিষ্ঠানটির সহযোগিতায় বাংলাদেশে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে।

প্রস্তাবিত প্রশিক্ষণকেন্দ্রটি প্রতিষ্ঠিত হলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং বর্তমানে কর্মরত সাংবাদিকেরা তিন থেকে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণের সুযোগ পাবেন বলে জানান তিনি। তাঁর মতে, এক বা দুই দিনের সংক্ষিপ্ত প্রশিক্ষণের পরিবর্তে আন্তর্জাতিক মানের দীর্ঘমেয়াদি ও হাতে-কলমে প্রশিক্ষণ চালু করা প্রয়োজন। এর মাধ্যমে সাংবাদিকদের বাস্তবভিত্তিক কাজের দক্ষতা বাড়বে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার উপযোগী পেশাগত যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হবে।

নিজের পেশাগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি যুক্তরাজ্যের বিবিসির আইটি ও ব্রডকাস্টিং বিভাগে দায়িত্ব পালন করেছেন। সেখানে কাজ করার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমের কর্মপদ্ধতি, প্রযুক্তিগত ব্যবস্থাপনা ও পেশাগত মান সম্পর্কে তাঁর বাস্তব ধারণা তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের সাংবাদিকতা ও সম্প্রচার খাতের উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণেরা যেন ভবিষ্যতে দেশি-বিদেশি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থানে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা। শুধু গণমাধ্যম নয়, তরুণেরা যে পেশাতেই যুক্ত হোন না কেন, প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের কর্মজীবনে এগিয়ে যাবেন এবং দেশের উন্নয়নে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মতবিনিময় সভায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক গণমাধ্যম ও সাংবাদিকতা খাতে প্রয়োগভিত্তিক গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে গণমাধ্যমের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করার প্রস্তাব দেন তিনি। এ ধরনের গবেষণা কার্যক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন ওই শিক্ষক।

এ সময় শিক্ষার্থীরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদপ্তরের (পিআইডি) বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখার অভিজ্ঞতা তুলে ধরেন। গণমাধ্যমের কার্যক্রম, সংবাদ পরিবেশন, তথ্য সংগ্রহ এবং সম্প্রচার ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন।

শিক্ষার্থীদের পক্ষে দ্বিতীয় সেমিস্টারের কয়েকজন শিক্ষার্থী জানান, মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তর পরিদর্শনের মাধ্যমে তাঁরা গণমাধ্যমের এমন অনেক বাস্তব বিষয় সম্পর্কে জানতে পেরেছেন, যা কেবল শ্রেণিকক্ষের পাঠ্যক্রম থেকে জানা সম্ভব নয়। এ ধরনের বাস্তব অভিজ্ঞতা তাঁদের ভবিষ্যৎ পেশাগত জীবন ও সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন।

মতবিনিময়কালে শিক্ষার্থীরা সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।