জাতীয়
শেখ হাসিনাসহ ২৬ জনের মামলায় অধিকতর প্রতিবেদন ১৪ ডিসেম্বর
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে মো. সিফাত হোসেন (২৬) হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ডিসেম্বর নতুন দিন ধার্য করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
মামলার অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ এলাকার সেনপাড়া এলাকায় এম.এস. পাওয়ারের সামনে হাজারো ছাত্র-জনতা আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। ওই পরিস্থিতিতে সিফাত হোসেন রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিহত সিফাতের বাবা কামাল হাওলাদার ২০২৪ সালের ১৫ আগস্ট মিরপুর মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে তদন্তে আরও কয়েকজনের নাম অন্তর্ভুক্ত হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মাইনুল হোসেন খান নিখিল, সালাহউদ্দিন মাহমুদ (এসএম) জাহিদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আরও অনেকে।
মামলাটির তদন্ত শেষে গত ২৮ মে মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। তবে অভিযোগপত্রে জিয়াউল হক জিয়া ও মেহেদী হাসানকে অব্যাহতি দেওয়ায় এতে অসন্তোষ প্রকাশ করেন মামলার বাদী ও নিহত সিফাতের বাবা কামাল হাওলাদার।
এরপর গত ১ সেপ্টেম্বর পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন তিনি। বাদীর আবেদনের ওপর শুনানি শেষে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত চলছে। আগামী ১৪ ডিসেম্বর পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারে কি না, এখন সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।