রাজনীতি

নাশকতা ঠেকাতে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক প্রতিরোধ গড়ার ঘোষণা ইশরাকের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

নাশকতা ঠেকাতে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক প্রতিরোধ গড়ার ঘোষণা ইশরাকের
ছবি: সংগৃহীত

নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে বিপুলসংখ্যক মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের কোনো ক্ষতি করা সম্ভব হবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা হয়।

ইশরাক হোসেন বলেন, কিছুদিন আগে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচক্ষণতা ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে বলে তাঁরা মনে করেন। ভবিষ্যতেও এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দেশের জনগণের উদ্দেশে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে ধরে রাখতে হবে। কোনো ধরনের অপতৎপরতা বা নাশকতামূলক কর্মকাণ্ডের কাছে নতি স্বীকার না করে রাজনৈতিকভাবেই এসব পরিস্থিতি মোকাবিলা করা হবে। এ ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। প্রায় ১৮ কোটি মানুষের এই দেশে জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা নিতান্তই কম। ফলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে প্রতিটি পরিস্থিতি এককভাবে সামাল দেওয়া কঠিন। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাজনৈতিকভাবেও সক্রিয় ভূমিকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নিজ নিজ এলাকায় রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করা হবে।

ইশরাক হোসেনের বক্তব্য অনুযায়ী, দেশের স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক পর্যায়েও সচেতনতা এবং প্রতিরোধমূলক উদ্যোগ জোরদার করা হবে।