জাতীয়
উন্নয়নকাজে অনিয়ম-অবহেলা নয়, শতভাগ গুণগত মান নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রী শাহে আলমের
জনগণের কষ্টার্জিত অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের গুণগত মান শতভাগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জনগণের অর্থে নির্মিত অবকাঠামো যেন দীর্ঘস্থায়ী ও টেকসই হয় এবং প্রকৃত অর্থে মানুষের কল্যাণে আসে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য কাজের প্রতিটি পর্যায়ে সততা, নিষ্ঠা ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কঠিন ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে তাঁরা দেশের অন্যতম বৃহৎ সরকারি সংস্থা এলজিইডিতে যোগদান করেছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি জনগণের কল্যাণে কাজ করার এবং জনসেবায় অবদান রাখার ব্যাপক সুযোগ রয়েছে। তাই নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার তারুণ্যের শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মিতব্যয়ী মনোভাব নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশেষ করে মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের সময় কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা করা যাবে না। ঠিকাদারদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখার পাশাপাশি কাজের মানের বিষয়ে কোনো আপস না করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
প্রতিমন্ত্রী মাঠপর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি ক্রয়সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, প্রতিটি কাজ নির্ধারিত নিয়ম ও মানদণ্ড অনুযায়ী সম্পন্ন করতে হবে, যাতে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং নির্মিত অবকাঠামো দীর্ঘদিন মানুষের কাজে আসে।
এ সময় প্রকৌশলীদের দীর্ঘদিনের প্রত্যাশা এলজিইডিকে ক্যাডারভুক্ত করার বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রকৌশলীদের এই দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তিনি নবনিযুক্ত প্রকৌশলীদের আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের বিভিন্ন প্রশ্ন ও মতামত শোনেন এবং তাঁদের সঙ্গে মতবিনিময় করেন। এলজিইডি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয় ও এলজিইডির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।