অর্থনীতি

জাপান, তুরস্কসহ নতুন বাজারে পোশাক রফতানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

জাপান, তুরস্কসহ নতুন বাজারে পোশাক রফতানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ
ছবি: সংগৃহীত

প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে পোশাক রফতানি বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশ মোট ২৩৭ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে। গত অর্থবছরের একই সময়ে এ রফতানি আয়ের পরিমাণ ছিল ২১৭ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে নতুন বাজারগুলোতে রফতানি আয় বেড়েছে প্রায় ২০ কোটি ডলার।

বিশেষ করে তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে বাংলাদেশের পোশাক রফতানি বাড়ায় শিল্প খাতের বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এসব বাজারের মধ্যে তুরস্কে সবচেয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। দেশটিতে বাংলাদেশের পোশাক রফতানি এক বছরের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বেড়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্য বিশ্লেষণে এসব চিত্র উঠে এসেছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত ও নতুন বাজারে বাংলাদেশের রফতানি সম্প্রসারণে কাজ করছে। বাংলাদেশকে একটি আঞ্চলিক উৎপাদন ও রফতানি কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সময়োপযোগী নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের আগেই এ ধরনের সক্ষমতা ও কাঠামো গড়ে তুলতে সরকার থ্রি-আর কৌশল কাজে লাগাচ্ছে।

তিনি আরও বলেন, নতুন বাজার অনুসন্ধান, রফতানি পণ্যের বহুমুখীকরণ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে সরকারের। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে দেশের রফতানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

ইপিবির তথ্য অনুযায়ী, অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কে বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। সেই হিসাবে তুরস্কের বাজারে রফতানি বেড়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, তুরস্কে রফতানি আয় বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার, যা নতুন ও অপ্রচলিত বাজারগুলোতে মোট রফতানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ। ফলে বাংলাদেশের মোট অপ্রচলিত বাজারের পোশাক রফতানিতে তুরস্কের অংশীদারত্বও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত অর্থবছরের একই সময়ে দেশটির অংশ ছিল ৪ দশমিক ৬০ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম চার মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে।

অন্যদিকে, অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান এখনো বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক রফতানি গন্তব্য। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪০ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের মোট পোশাক রফতানির ১৮ দশমিক ৪৪ শতাংশই এসেছে জাপানের বাজার থেকে।

এ ছাড়া অস্ট্রেলিয়ার বাজারেও বাংলাদেশের পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে। দেশটিতে রফতানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় রফতানি ৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ১৩ লাখ ডলারে। তবে এ সময়ে ভারতের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে। দেশটিতে রফতানি ৫ দশমিক ৩৮ শতাংশ হ্রাস পেয়ে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমে এসেছে।

শীর্ষ পাঁচটি বাজারের বাইরেও বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এসব অন্যান্য বাজারে রফতানি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। জুলাই-অক্টোবর সময়ে এসব দেশে মোট ১০৬ কোটি ডলারের পোশাক রফতানি হয়েছে, যা অপ্রচলিত বাজারে বাংলাদেশের মোট রফতানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ।

শুধু চার মাসের সামগ্রিক হিসাবেই নয়, অক্টোবর মাসেও নতুন ও অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রফতানির ইতিবাচক ধারা অব্যাহত ছিল। ইপিবির তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে এসব বাজারে রফতানি বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। এ সময়ে রফতানি আয় দাঁড়িয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে।

অক্টোবর মাসে তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। এ সময়ে দেশটিতে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছে। মাসভিত্তিক রফতানির হিসাবে জাপানের পরই রয়েছে তুরস্ক। অক্টোবর মাসে জাপানে ৯ কোটি ৩৭ লাখ ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।

এদিকে, অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের পোশাক রফতানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। বিপরীতে ভারতের বাজারে রফতানি ৫ দশমিক ৪১ শতাংশ কমে ৪ কোটি ৫৯ লাখ ডলারে নেমেছে। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় রফতানি ৪ দশমিক ৬০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লাখ ডলারে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন ও অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি সম্প্রসারণ দীর্ঘমেয়াদে এ শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জাপান ও তুরস্কের মতো বড় বাজারে রফতানি বৃদ্ধির পাশাপাশি অন্যান্য দেশেও প্রবৃদ্ধি ধরে রাখা গেলে প্রচলিত কয়েকটি বাজারের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

একই সঙ্গে নতুন বাজারে প্রবেশ ও রফতানি পণ্যের বহুমুখীকরণ আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে সহায়তা করবে। বিশেষ করে এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে বিদ্যমান প্রতিযোগিতা, শুল্কসুবিধা ও বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাজার সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে নতুন বাজারে রফতানি বৃদ্ধিকে দেশের তৈরি পোশাকশিল্পের ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।