সারাবিশ্ব

আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল ইরান
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে ইরান। বুধবার (১১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তেহরানের এ পদক্ষেপের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে আর্জেন্টিনা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা লঙ্ঘন করেছে এবং ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে। বিবৃতিতে আইআরজিসিকে ইরানের নিয়মিত সশস্ত্র বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করা হয়। তেহরানের দাবি, একটি দেশের রাষ্ট্রীয় সামরিক বাহিনীর অংশকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নীতির পরিপন্থী।

ইরান জানিয়েছে, পারস্পরিক পদক্ষেপ গ্রহণের নীতি এবং ২০১৯ সালে প্রণীত একটি আইনের আওতায় আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আইনে বলা হয়েছে, যেসব দেশ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুসরণ করবে কিংবা তাতে সমর্থন দেবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারবে ইরান।

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, ইরানের এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে যেকোনো ধরনের পরিস্থিতি বা পরিণতির দায়ভার সম্পূর্ণভাবে আর্জেন্টিনা সরকারকেই বহন করতে হবে। তেহরান মনে করছে, আর্জেন্টিনার সাম্প্রতিক সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত মার্চের শেষ দিকে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে আর্জেন্টিনা। দেশটির এই সিদ্ধান্তকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানায় ইসরাইল। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার এ পদক্ষেপকে সমর্থন জানিয়ে আর্জেন্টিনার সিদ্ধান্তের প্রশংসা করেন।

আর্জেন্টিনা সরকারের দাবি, লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে আইআরজিসির সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির অভিযোগ, ১৯৯৪ সালে রাজধানী বুয়েনস আয়ার্সে ইহুদি সম্প্রদায়ের এএমআইএ (AMIA) কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলার পেছনে হিজবুল্লাহ জড়িত ছিল। ওই হামলায় অন্তত ৮৫ জন নিহত হন। ঘটনাটি আর্জেন্টিনার ইতিহাসে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত।

অন্যদিকে, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আর্জেন্টিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্ররোচনায় কাজ করার অভিযোগ তোলে। তেহরান তখন আর্জেন্টিনার এই পদক্ষেপকে ‘কৌশলগত ভুল’ এবং ‘ইরানি জাতির প্রতি ক্ষমার অযোগ্য অপমান’ বলে অভিহিত করেছিল।

বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি সন্ত্রাসী তালিকাভুক্তির এই ঘটনা ইরান ও আর্জেন্টিনার মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে লাতিন আমেরিকায় ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও নতুন করে আলোচনায় আসতে পারে।