সারাবিশ্ব

হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির পূর্ব অংশে নৌ-মাইনের আঘাতে একটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে নতুন করে জাহাজে আগুন লাগার ঘটনায় মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, তেলবাহী জাহাজটি একটি ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করেছিল। এ সময় সেটি নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজটিতে আগুন ধরে যায়। তবে জাহাজটির নাম, কোন দেশের পতাকাবাহী কিংবা এতে কতজন নাবিক ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা-ও নিশ্চিত করা হয়নি।

এর আগে গত ৫ নভেম্বর হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন লাগার খবর জানিয়েছিল ইরান। দেশটির সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছিল, অনুমোদনহীন নৌপথ ব্যবহার করতে গিয়ে কয়েকটি জাহাজ নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই জাহাজগুলোর পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যের জলসীমায় জাহাজের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবর মাসে ওই অঞ্চলে ৩৭টি জাহাজ হামলার শিকার হয়েছে, যা সংঘাত শুরুর পর এক মাসে সর্বোচ্চ হামলার রেকর্ড। এসব হামলার ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিক থেকে মধ্যপ্রাচ্যের জলসীমায় জাহাজ চলাচলসংক্রান্ত ১৩০টি নিরাপত্তা ঘটনার তথ্য নথিভুক্ত করা হয়েছে। এসব ঘটনায় অন্তত ২৫ জন নাবিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে নৌ-মাইন, জাহাজে হামলা কিংবা সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, তেলের বাজার এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।