সারাদেশ
ট্রাকের চাপায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল নেতা সৌরভ নিহত
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান সৌরভ (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা বান্ধবী স্বপ্না খাতুন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে করে স্বপ্না খাতুনকে ঝিনাইদহে পৌঁছে দিতে যাচ্ছিলেন সৌরভ। পথে হলিধানি বাজার এলাকায় একটি স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সৌরভকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত স্বপ্না খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাহপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম আলিম উদ্দিন।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট তানভীর হাসান জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, স্পিড ব্রেকারের আগে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় সৌরভ গুরুতর আহত হন। তাঁর একটি হাত ভেঙে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা এক নারীও আহত হয়েছেন। ওই নারী নিহত সৌরভের আত্মীয় বলে জানানো হলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সার্জেন্ট তানভীর হাসান আরও জানান, দুর্ঘটনার ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে সৌরভের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।