জাতীয়
২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউনিভার্সাল হেলথ কভারেজ) অর্জনে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ভৌগোলিক অবস্থান, সামাজিক মর্যাদা কিংবা আর্থিক সক্ষমতা নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রয়োজনীয় ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিমসটেকভুক্ত সদস্য দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রী, নীতিনির্ধারক, স্বাস্থ্য খাতের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন। এ সময় আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদার, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমানো, পোলিওমুক্ত অবস্থা বজায় রাখা এবং জাতীয় টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন স্বাস্থ্য সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকাদান কর্মসূচির আওতা বাড়ানোর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এ টিকার কভারেজ ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশের বেশি করা হয়েছে। চলতি নভেম্বরের মধ্যে শতভাগ কভারেজ অর্জনের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য খাতে সরকারের বাজেট বরাদ্দ বৃদ্ধির বিষয়টি তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করেছে। পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ৪ হাজার ৬০০টির বেশি ইউনিয়নে বহুমুখী স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ ছাড়া চলতি বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সরকারি হাসপাতালের অবকাঠামো ও সেবার মান উন্নয়নেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বড় সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, দেশের ১৫টি বড় হাসপাতালে উন্নত চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা চালু এবং সমন্বিত ওয়ান হেলথ পদ্ধতি বাস্তবায়নে কাজ চলছে। এসব উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও টেকসই, পরিবেশবান্ধব ও জনবান্ধব করার পরিকল্পনা রয়েছে সরকারের।
স্বাস্থ্যসেবার ডিজিটাল রূপান্তরের বিষয়েও সম্মেলনে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরেন সাখাওয়াত হোসেন। তিনি জানান, রোগীদের চিকিৎসাসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা সহজ করতে সমন্বিত ইলেকট্রনিক হেলথ রেকর্ড ব্যবস্থা এবং নাগরিকদের জন্য ইউনিক ই-হেলথ আইডি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে স্বাস্থ্যসেবার বিভিন্ন স্তরে রোগীর তথ্য আদান-প্রদান, চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা এবং সেবার দক্ষতা বাড়ানো সম্ভব হবে।
এদিকে আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারে বিমসটেকের আওতায় একটি আঞ্চলিক জেনেটিক রোগ পর্যবেক্ষণ ও প্রাথমিক সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, অসংক্রামক রোগ, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এসব স্বাস্থ্যগত চ্যালেঞ্জ কোনো একটি দেশের পক্ষে এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়। তাই বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অন্যান্য সদস্য দেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত বলেও সম্মেলনে আশ্বস্ত করেন তিনি।