সোশ্যাল মিডিয়া
১১ নভেম্বর, আজ সিঙ্গেলস ডে
আজ ১১ নভেম্বর। ক্যালেন্ডারের তারিখ ১১/১১-চারটি একের বিশেষ বিন্যাস। আর এই ব্যতিক্রমী তারিখকে কেন্দ্র করেই প্রতিবছর বিশ্বজুড়ে পালিত হয় ‘সিঙ্গেলস ডে’। একাকিত্বকে নেতিবাচকভাবে না দেখে নিজের স্বাধীনতা, পছন্দ ও স্বতন্ত্র জীবনযাপনকে উদযাপন করার দিন হিসেবেই পরিচিতি পেয়েছে দিবসটি।
সিঙ্গেলস ডে মানেই যে মন খারাপ করে একা বসে থাকা, বিষয়টি মোটেও তেমন নয়। বরং দিনটির মূল বার্তা হলো, জীবনে প্রেমের সম্পর্ক বা সঙ্গী না থাকলেও আনন্দময় জীবনযাপন সম্ভব। নিজের পছন্দের খাবার খাওয়া, ইচ্ছেমতো ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা নিজের জন্য পছন্দের কোনো উপহার কেনার মধ্য দিয়েও দিনটি উদযাপন করা যায়। অর্থাৎ, অন্য কারও উপস্থিতির ওপর নিজের আনন্দকে নির্ভরশীল না রেখে নিজেকেই গুরুত্ব দেওয়ার উপলক্ষ এই দিন।
সিঙ্গেলস ডের যাত্রা শুরু হয়েছিল ১৯৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে। প্রচলিত তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের চার অবিবাহিত শিক্ষার্থী একা থাকার আনন্দ উদযাপনের জন্য ১১ নভেম্বর দিনটিকে বেছে নেন। তারিখের চারটি ‘১’ সংখ্যাকে তাঁরা একাকিত্বের প্রতীক হিসেবে বিবেচনা করেছিলেন। শুরুতে দিনটি ‘ব্যাচেলরস ডে’ নামে পরিচিত ছিল। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে চীনের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এই আয়োজন। একপর্যায়ে নারী-পুরুষ নির্বিশেষে সবাই দিবসটি উদযাপন করতে শুরু করেন।
তবে সময়ের সঙ্গে সঙ্গে সিঙ্গেলস ডের পরিচিতি শুধু একাকিত্ব উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটি ধীরে ধীরে বিশ্বের অন্যতম বড় অনলাইন কেনাকাটার উৎসবে পরিণত হয়েছে। ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা প্রথমবারের মতো সিঙ্গেলস ডে উপলক্ষে বিশেষ মূল্যছাড় ও প্রচারণার আয়োজন করে। এর পর থেকেই দিনটিকে ঘিরে অনলাইন কেনাকাটার ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়। বিভিন্ন পণ্যে আকর্ষণীয় ছাড়, বিশেষ অফার এবং সীমিত সময়ের বিক্রয় কার্যক্রমের কারণে ক্রেতাদের মধ্যে বাড়তে থাকে উৎসাহ।
সিঙ্গেলস ডের বাণিজ্যিক জনপ্রিয়তার বড় উদাহরণ ২০১৭ সালের বিক্রির পরিসংখ্যান। ওই বছর ১১ নভেম্বর মাত্র ২৪ ঘণ্টায় আলিবাবার প্ল্যাটফর্মে পণ্য বিক্রির পরিমাণ ২৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়। এর মাধ্যমে দিনটি আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে আলোচনায় আসে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ই-কমার্স প্রতিষ্ঠানও এ উপলক্ষে বিশেষ ছাড় ও প্রচারণা চালিয়ে থাকে।
তবে সিঙ্গেলস ডে উদযাপনের জন্য কেনাকাটা করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং নিজের ভালো লাগাকে প্রাধান্য দিয়েই দিনটি কাটানো যায়। কেউ চাইলে প্রিয় রেস্তোরাঁয় গিয়ে পছন্দের খাবার খেতে পারেন, সিনেমা দেখতে পারেন কিংবা দীর্ঘদিন ধরে কেনার ইচ্ছা থাকা কোনো জিনিস নিজের জন্য কিনতে পারেন। আবার বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ঘুরতে যাওয়া কিংবা নিজের অর্জন ও ইতিবাচক দিকগুলো লিখে রাখাও হতে পারে উদযাপনের অংশ।
ব্যস্ত জীবনের ভিড়ে নিজের জন্য সময় বের করাটাও একধরনের আনন্দ। এক কাপ কফি, প্রিয় বই কিংবা নিরিবিলি পরিবেশে নিজের সঙ্গে কাটানো একটি বিকেলও হয়ে উঠতে পারে বিশেষ মুহূর্ত। কারণ, জীবনে ভালো থাকার জন্য সব সময় কারও সঙ্গ প্রয়োজন হয় না। নিজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস এবং স্বাধীনভাবে বেঁচে থাকার আনন্দও জীবনকে সুন্দর করে তুলতে পারে।
সঙ্গী থাকুক কিংবা না থাকুক, জীবনের আনন্দ থেমে থাকার নয়। তাই ১১/১১ শুধু সিঙ্গেলদের জন্য নয়, বরং নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করার একটি উপলক্ষও বটে।