সোশ্যাল মিডিয়া

রাজপথকে ‍উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

রাজপথকে ‍উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াত ও আওয়ামী লীগকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার অভিযোগ, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে রাজপথে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে জামায়াত। অন্যদিকে, আন্দোলনের মধ্যে প্রবেশ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহিংসতা চালাচ্ছেন।

সোমবার ২ নভেম্বর সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, ‘সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব’ বলে লং মার্চে জামায়াতের আমিরের দেওয়া বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে সৃষ্ট অরাজকতার দায় জামায়াত এড়াতে পারে কি না, সেই প্রশ্ন রয়েছে। তার ভাষ্য, জামায়াত রাজপথ উত্তপ্ত করছে, আর আন্দোলনের মধ্যে ঢুকে আওয়ামী লীগ আগুন দিচ্ছে।

রাশেদ খাঁন আরও দাবি করেন, গত রোববার মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে এমন ঘটনা ঘটেছে। ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা নিয়ে দেশবিরোধী শক্তিগুলো এগোচ্ছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি আরও লেখেন, সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকলেও গতকাল জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছিলেন। আর সেই আন্দোলনের সুযোগ নিয়ে আওয়ামী লীগের লোকজন শ্রমিকের ছদ্মবেশে পুলিশের গাড়ি, ব্যক্তিগত পিকআপ ও পোশাক কারখানায় আগুন দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে অগ্নিসংযোগে উসকানি দেওয়ার অভিযোগে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনা উচিত কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।