সারাদেশ

হঠাৎ ফেসবুক পোস্টে ছাত্রদল ছাড়ার ঘোষণা ইউনিয়ন সভাপতির


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

হঠাৎ ফেসবুক পোস্টে ছাত্রদল ছাড়ার ঘোষণা ইউনিয়ন সভাপতির
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শরিফুল ইসলাম।

রোববার ১ নভেম্বর রাতে নিজের যাচাইকৃত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

ফেসবুক পোস্টে শরিফুল ইসলাম লেখেন, ‘আমি আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’

সংগঠনের সহযোদ্ধাদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করে তিনি আরও লেখেন, পদ-পদবির ঊর্ধ্বে তাদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও ভালোবাসা সবসময় অটুট থাকবে। রাজনীতির পথ আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসা ও স্মৃতিগুলো আজীবন থেকে যাবে।

পোস্টের শেষাংশে সবার কাছে দোয়া চান শরিফুল ইসলাম। একই সঙ্গে মহান রাব্বুল আলামিনের কাছে সবাইকে হেদায়েত দান এবং সঠিক পথে চলার তৌফিক কামনা করেন তিনি।

তবে কী কারণে ছাত্রদল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে ফেসবুক পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি শরিফুল ইসলাম।

এ বিষয়ে জানতে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাজিব হাসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।