সারাদেশ

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

সোমবার ২ নভেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।

পুলিশ জানায়, গত শনিবার রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে আসাদ মোল্লাকে আটক করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত ৩১ অক্টোবর ফেসবুকে আওয়ামী লীগের ঢাকা দখল সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।

আসাদ মোল্লাকে আটকের খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তাকে হেফাজতে নিয়ে থানায় আনা হয়। তিনি উপজেলার তেরদ্রোন এলাকার মৃত মোজাহার মোল্লার ছেলে।

এ বিষয়ে উজিরপুর থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, আসাদ মোল্লার বিরুদ্ধে পুরোনো একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।