জাতীয়
বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার নতুন খবর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
রোববার ১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ চিঠি পাঠানো হয়। এতে সই করেছেন বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষাখাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, কল্যাণ এবং সার্বিক পরিষেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষাখাতে আনুপাতিক বাজেটও বাড়ানো হচ্ছে। এর ফলে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাদারত্বের উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। তাদের জাতীয় বেতন স্কেল ২০২৬ বা নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।
হিসাব অনুযায়ী, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজগুলোর জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে। সব মিলিয়ে অতিরিক্ত বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।
এ কারণে ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে এই অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তার কথা চিঠিতে তুলে ধরা হয়েছে।
চিঠিতে নির্দেশক্রমে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হলো।