প্রবাস
বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি কোরআনের হাফেজ হলেন সায়েম
আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায়ও অনন্য সাফল্য অর্জন করেছেন সৌদি আরবের রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণ সায়েম জিহাদ। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় পবিত্র কোরআনের সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন তিনি। তাঁর এ অর্জনে সৌদি আরবে বসবাসরত স্থানীয় নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
সায়েম জিহাদ রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী ও বিনিয়োগকারী জাহাঙ্গীর হোসেনের ছেলে। দীর্ঘদিন ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন তিনি। আধুনিক শিক্ষার ধারাবাহিকতার মধ্যেই একসময় পবিত্র কোরআন শেখা ও মুখস্থ করার প্রতি গভীর আগ্রহ তৈরি হয় তাঁর। সেই আগ্রহ ও অধ্যবসায়ের মধ্য দিয়ে সম্পূর্ণ কোরআন হিফজের কঠিন অধ্যায় সফলভাবে সম্পন্ন করেন এই তরুণ।
সায়েমের এ অর্জন উদ্যাপন করতে রিয়াদের শিফা এলাকার একটি কমিউনিটি সেন্টারে পাগড়ি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় সৌদি নাগরিকরাও উপস্থিত ছিলেন। তাঁরা তরুণ হাফেজকে অভিনন্দন জানান এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াদের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মির রাছেল সুজন, মোহাম্মদ বাকের হোসেন, আব্দুল হালিম প্রধান, আরিফুর রহমান কুদ্দুস, লিটন ও আব্দুল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় সায়েম জিহাদের এ সাফল্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নতুন অনুপ্রেরণা তৈরি করেছে। তাঁর এই অর্জনকে তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে।