প্রবাস
সৌদিতে খেজুরবাগানে কাজের সময় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদি আরবের মদিনার আল উলা এলাকায় খেজুরবাগানে কাজ করার সময় বজ্রপাতে আবু বকর সিদ্দিক নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স ২৪ বছর।
রোববার ২৫ অক্টোবর বিকেলে সৌদি আরবের স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বকর সিদ্দিক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকার ফরিদুল আলমের ছেলে।
সোমবার ২৬ অক্টোবর ঘটনার সত্যতা নিশ্চিত করেন সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাদের চৌধুরী।
নিহতের চাচা মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, প্রায় সাড়ে চার বছর আগে কর্মী ভিসায় সৌদি আরবে যান আবু বকর সিদ্দিক। মদিনার আল উলা এলাকার একটি খেজুরবাগানে কাজ করতেন তিনি। রোববার রাতে সৌদি আরবে অবস্থানরত এলাকার লোকজনের মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর পান।
ইউপি সদস্য আবদুল কাদের চৌধুরী বলেন, রোববার বিকেলে মদিনার আল উলা এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। ওই সময় খেজুরবাগানে কাজ করছিলেন আবু বকর সিদ্দিক। বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আবু বকর সিদ্দিকের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে বলে জানান ইউপি সদস্য আবদুল কাদের চৌধুরী।