প্রবাস

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী


প্রবাস ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ এএম

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন ১১২ জন বাংলাদেশি দক্ষ কর্মী। কোনো খরচ ছাড়াই বিদেশে চাকরির সুযোগ পাচ্ছেন এসব কর্মী।

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে। দেশটির আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচিত কর্মীদের বিমানভাড়া, যাতায়াতসহ মালয়েশিয়া যাওয়ার যাবতীয় খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে কর্মীদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে ধাপে ধাপে মোট ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানো হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে কর্মী পাঠানোর উদ্যোগকে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, এই প্রক্রিয়া সফলভাবে এগিয়ে গেলে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।