সারাদেশ

নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান, গাজীপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম

নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান, গাজীপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ
ছবি: সংগৃহীত

নতুন নিম্নতম মজুরি কাঠামো ঘোষণা করেও পোশাকশ্রমিকদের অসন্তোষ প্রশমিত করা যায়নি। ঘোষিত বেতন কাঠামো প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একই চিত্র দেখা গেছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও। এসব এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও অসন্তোষের কারণে ২৮টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এবং শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানান, জেলার কয়েকটি স্থানে শ্রমিকদের বিক্ষিপ্ত আন্দোলন চলছে। কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন, আবার কোথাও পরিস্থিতি সামাল দিতে শক্তি প্রয়োগ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সকাল ১০টা পর্যন্ত জেলার ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

এদিকে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও নতুন মজুরি কাঠামো নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ অব্যাহত রয়েছে। বুধবার এসব এলাকার ২৮টি পোশাক কারখানা বন্ধ ছিল। পাশাপাশি কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে বিক্ষোভে অংশ নেন। শ্রমিকদের দাবি, ঘোষিত নতুন মজুরি কাঠামো তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

বুধবার সকাল পৌনে ৯টার দিকে সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি মোড়ে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এর আগে প্রায় এক মাস ধরে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলে আসছিল। এ সময় বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের কারণে শত শত পোশাক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। দীর্ঘদিনের আন্দোলন ও শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত নতুন নিম্নতম মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ নেয় সরকার। তবে নতুন মজুরি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একাংশ নতুন মজুরি কাঠামো মেনে নিলেও অন্য একটি অংশ তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছে।

জানা গেছে, দীর্ঘ দরকষাকষি, কয়েক দফা প্রস্তাব সংশোধন এবং শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। বর্তমানে প্রচলিত ১২ হাজার ৫০০ টাকার তুলনায় নতুন মজুরি বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা, যা শতকরা হিসাবে ৩৬ শতাংশ। নতুন কাঠামো অনুযায়ী, গ্রেডভেদে শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার থেকে ২১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী ১ ডিসেম্বর থেকে এ নতুন মজুরি কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।

মজুরি নির্ধারণের বিষয়ে বৈঠক শেষে গতকাল রাত সোয়া ৪টার দিকে প্রেস ব্রিফিংয়ে আসেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। তিনি বলেন, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মাত্র তিন সপ্তাহের মধ্যে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো মতবিরোধ ছিল না। তবে চতুর্থ গ্রেড অর্থাৎ সর্বনিম্ন মজুরি নির্ধারণের বিষয়ে দুই পক্ষ একমত হতে না পারায় শেষ পর্যন্ত গোপন ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে চতুর্থ গ্রেডের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।

বোর্ডের বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষ নিজ নিজ প্রস্তাবে অনড় থাকায় মজুরি চূড়ান্ত করতে ভোটাভুটির আশ্রয় নেওয়া হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে ভোট দেন। অন্যদিকে, বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে শেষ পর্যন্ত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়।

নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও শ্রমিকদের একটি অংশের অসন্তোষ অব্যাহত থাকায় গাজীপুর, সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পে অস্থিরতা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।