সারাদেশ

নড়াইলে ২ বিএনপি নেতা হত্যার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

নড়াইলে ২ বিএনপি নেতা হত্যার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ছয় দিন পর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস নামে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিহত উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লার বড় ভাই জুয়েল মোল্লা ওরফে জুয়েল রানা বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি করেন।

মামলায় ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

কালিয়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার নম্বর ১২। এতে দণ্ডবিধির ৩০২, ৩৪, ১৪৩, ১৪৪, ৩৪১, ৪২৭ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় নিহত সোহেলের ভাই বাদী হয়ে মামলা করেছেন। ইতোমধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

ওসি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে বেন্দারচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে কালিয়া শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যার দিকে শোভাযাত্রাটি কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের অতর্কিত হামলার ঘটনা ঘটে।

এতে উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্লা গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাদের দুজনেরই মৃত্যু হয়।

এ ঘটনার পর গত ২০ নভেম্বর নিহতদের কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।