সারাবিশ্ব

চীনের মহাকাশ স্টেশনে পৌঁছালেন প্রথম পাকিস্তানি নভোচারী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

চীনের মহাকাশ স্টেশনে পৌঁছালেন প্রথম পাকিস্তানি নভোচারী
ছবি: সংগৃহীত

পাকিস্তানের মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হয়েছে। দেশটির মুহাম্মদ জিশান আলিসহ তিন নভোচারীকে বহনকারী চীনের শেনঝৌ ২৪ মহাকাশযান সফলভাবে তিয়াংগং মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হয়েছে। পৃথিবী থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে নভোযানটি মহাকাশ স্টেশনে পৌঁছায় বলে জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি।

মহাকাশযানটিতে রয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই এবং পাকিস্তানের মুহাম্মদ জিশান আলি। এ অভিযানের মধ্য দিয়ে জিশান আলি মহাকাশে পৃথিবীর কক্ষপথে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক এবং চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে সফরকারী প্রথম বিদেশি নাগরিক হিসেবে ইতিহাস গড়েছেন।

বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে, পাকিস্তান সময় ভোর ৫টা ১৮ মিনিটে, চীনের উত্তর পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণকেন্দ্র থেকে লং মার্চ ২এফ রকেটে মহাকাশযানটির যাত্রা শুরু হয়।

উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে কক্ষপথে প্রবেশ করে। চায়না ম্যানড স্পেস এজেন্সি এ উৎক্ষেপণকে সম্পূর্ণ সফল ঘোষণা করে জানায়, নভোচারীরা সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

মহাকাশে যাত্রার মধ্য দিয়ে জিশান আলি চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে সফরকারী প্রথম বিদেশি নভোচারী হিসেবে নতুন ইতিহাস গড়েছেন। এর মাধ্যমে মানব মহাকাশ অভিযানে অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় পাকিস্তানের নাম যুক্ত হলো। একই সঙ্গে চীন ও পাকিস্তানের মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতার নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে।

তিন সদস্যের এ অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন জিশান আলি। অভিযানের নেতৃত্বে রয়েছেন চীনা নভোচারী তাং হংবো। আর ফ্লাইট ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করছেন উ ই।

তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রায় এক সপ্তাহ অবস্থান করার কথা রয়েছে জিশান আলির। এ সময় পাকিস্তান ও চীনের যৌথ মহাকাশ গবেষণা কর্মসূচির আওতায় বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাবেন তিনি। তার দায়িত্বের মধ্যে রয়েছে পরীক্ষামূলক নমুনা ও গবেষণার সরঞ্জাম স্থাপন এবং নির্ধারিত বৈজ্ঞানিক কার্যক্রম সম্পন্ন করা।

সূত্র: জিও নিউজ