সারাবিশ্ব
সিআইএ ও মার্কিন গোয়েন্দা দপ্তরের ওয়েবসাইটে হামলা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তরের (ওডিএনআই) ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে সংস্থা দুটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।
তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে, ফাঁস হওয়া তথ্যগুলো জাতীয় নিরাপত্তার জন্য শ্রেণিবদ্ধ গোপনীয় তথ্যের আওতাভুক্ত নয়। অর্থাৎ, এসব তথ্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গোপনীয়তা কিংবা অতি গোপনীয় তথ্য হিসেবে সংরক্ষিত ছিল না।
ঘটনার পরপরই তদন্ত শুরু করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। কীভাবে হ্যাকাররা সংশ্লিষ্ট নেটওয়ার্কে প্রবেশ করেছে এবং অনুপ্রবেশের পরিধি কতটুকু, তা খতিয়ে দেখা হচ্ছে।
রয়টার্সকে দেওয়া বক্তব্যে এক গোয়েন্দা কর্মকর্তা জানান, ফাঁস হওয়া তথ্যগুলো এমন কিছু ব্যবস্থায় সংরক্ষিত ছিল, যেগুলো বিশেষ গোপনীয়তার শ্রেণিবিন্যাসের আওতায় ছিল না। এখন পর্যন্ত অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্য কিংবা গুরুত্বপূর্ণ গোপন অভিযানসংক্রান্ত নেটওয়ার্কে হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা কীভাবে সিস্টেমে প্রবেশ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ভবিষ্যতে এ ধরনের অননুমোদিত প্রবেশ ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।
গোপনীয় ও অগোপনীয় নেটওয়ার্কের পার্থক্য
সিআইএ ও ওডিএনআইয়ের তথ্য ব্যবস্থাপনায় দুই ধরনের ডিজিটাল নেটওয়ার্ক রয়েছে। গোপনীয় নেটওয়ার্কে জাতীয় নিরাপত্তা, গোপন অভিযান এবং স্পর্শকাতর গোয়েন্দা তথ্য সংরক্ষণ করা হয়। অন্যদিকে, অগোপনীয় নেটওয়ার্ক ব্যবহার করা হয় প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ এবং ঠিকাদারদের সঙ্গে সমন্বয়ের কাজে।
এ ধরনের নেটওয়ার্কের সঙ্গে বিভিন্ন সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান ও বাইরের প্রযুক্তিগত প্ল্যাটফর্ম যুক্ত থাকায় সাইবার হামলার ঝুঁকি তৈরি হয়।
ঘটনাটি তদন্তে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই কাজ করছে। তারা হামলার উৎস শনাক্ত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলোর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।
এখন পর্যন্ত এই হামলার জন্য কোনো নির্দিষ্ট দেশ কিংবা হ্যাকার গোষ্ঠীকে দায়ী করেনি মার্কিন কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সাইবার হামলা
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে একের পর এক সাইবার হামলার ঘটনা সামনে এসেছে। এর আগে এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যকেন্দ্রের ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনা প্রকাশ্যে আসে। ওই তথ্যভান্ডারটি দেশটির বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের তথ্য আদানপ্রদানে ব্যবহার করে।
এ ছাড়া চলতি বছর এফবিআই সংশ্লিষ্ট এটি দ্বিতীয় সাইবার অনুপ্রবেশের ঘটনা বলে জানা গেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের একটি ব্যবস্থাও সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষিঋণ, ভর্তুকি ও সংরক্ষণ কর্মসূচি পরিচালনায় ব্যবহৃত ওই ব্যবস্থার কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে এ ঘটনায় ব্যক্তিগত তথ্য চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ছাড়া ইলিনয় অঙ্গরাজ্যের ফক্স নদীর ওপর অবস্থিত অ্যালগনকুইন বাঁধ এবং পেন্টাগন ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে ঘিরেও বিভিন্ন সাইবার নিরাপত্তা ঘটনার খবর পাওয়া গেছে।
সূত্র: রয়টার্স