বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
টানা তিন মাস সুপারমুন, শুরু হচ্ছে আজ
রাতের আকাশে চাঁদের অপূর্ব সৌন্দর্য উপভোগ করার অপেক্ষায় থাকা মানুষের জন্য রয়েছে দারুণ খবর। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) আকাশে দেখা মিলছে স্বাভাবিকের তুলনায় বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ, যা পরিচিত ‘সুপারমুন’ নামে। নভেম্বরের এই পূর্ণিমার নাম ‘বিভার মুন’। বিশেষ বিষয় হলো, এটি টানা তিন মাসের সুপারমুন প্রদর্শনীর প্রথমটি। অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর ও আগামী বছরের জানুয়ারি-পরপর তিন মাসেই দেখা যাবে সুপারমুন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টা ৫৩ মিনিটে চাঁদ পূর্ণিমার পূর্ণ পর্যায়ে পৌঁছেছে। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই উপভোগ করা যাবে স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল এই চাঁদের দৃশ্য। এ জন্য বিশেষ কোনো যন্ত্রের প্রয়োজন নেই।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সুপারমুন দেখার জন্য টেলিস্কোপ বা বিশেষ কোনো সরঞ্জামের প্রয়োজন হয় না। তবে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করলে চাঁদের পৃষ্ঠের বিভিন্ন গর্ত, উঁচু-নিচু ভূমি এবং বিস্তীর্ণ কালচে সমভূমি আরও স্পষ্টভাবে দেখা সম্ভব। চাঁদের এসব কালচে সমভূমি মূলত প্রাচীনকালের আগ্নেয়গিরির লাভার প্রবাহ থেকে সৃষ্টি হয়েছে।
নভেম্বরের পূর্ণিমাকে ‘বিভার মুন’ নাম দেওয়ার পেছনেও রয়েছে ঐতিহাসিক কারণ। দ্য ওল্ড ফার্মার্স অ্যালমানাকের তথ্য অনুযায়ী, বিভার একধরনের বাঁধ নির্মাণে দক্ষ প্রাণী। বছরের এই সময়ে শীতের প্রস্তুতি হিসেবে প্রাণীগুলো তাদের বাঁধ ও আবাসস্থল তৈরি বা মেরামতের কাজে ব্যস্ত থাকে। এ কারণেই উত্তর আমেরিকার প্রচলিত নামকরণ অনুযায়ী নভেম্বরের পূর্ণিমার নাম রাখা হয়েছে ‘বিভার মুন’।
এবারের সুপারমুন আকার ও উজ্জ্বলতার দিক থেকেও বেশ আকর্ষণীয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে নাসার মেরিল্যান্ডের গডার্ড মহাকাশ উড্ডয়ন কেন্দ্রের গ্রহীয় ভূতত্ত্ব, ভূ-পদার্থবিদ্যা ও ভূ-রসায়ন গবেষণাগারের প্রধান নোয়া পেট্রোর বরাত দিয়ে জানানো হয়েছে, বছরের সবচেয়ে ছোট পূর্ণিমার চাঁদের তুলনায় এবারের চাঁদ প্রায় ১৭ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে।
জ্যোতির্বিজ্ঞানের ভাষায়, পূর্ণিমার সময় চাঁদ পৃথিবীর তুলনামূলক কাছাকাছি অবস্থানে এলে তাকে সুপারমুন বলা হয়। চাঁদের পৃথিবীর চারপাশে পরিভ্রমণের কারণে নির্দিষ্ট সময় পরপর এমন অবস্থার সৃষ্টি হয়। চাঁদের পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে (পেরিজি) ফিরে আসতে প্রায় ২৭ দশমিক ৫ দিন সময় লাগে। অন্যদিকে, একটি পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমায় পৌঁছাতে চাঁদের প্রায় ২৯ দশমিক ৫ দিন প্রয়োজন হয়। এই দুই চক্রের সময়ের পার্থক্যের কারণে পরপর কয়েক মাসেও সুপারমুন দেখা সম্ভব হয়।
নভেম্বরের পরবর্তী সুপারমুন দেখা যাবে আগামী ডিসেম্বরে। ‘কোল্ড মুন’ নামে পরিচিত ডিসেম্বরের এই পূর্ণিমা হবে ২০২৬ সালের শেষ পূর্ণিমা। একই সঙ্গে এটি হবে ২০২৬ সালের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন। বাংলাদেশ সময় ২৪ ডিসেম্বর সকাল ৭টা ২৮ মিনিটে চাঁদ পূর্ণিমার পূর্ণ পর্যায়ে পৌঁছাবে।
এরপর নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতেও দেখা যাবে আরেকটি সুপারমুন। ২০২৭ সালের ২২ জানুয়ারি বছরের প্রথম পূর্ণিমা অনুষ্ঠিত হবে, যা ‘উলফ মুন’ নামে পরিচিত। এটিও হবে সুপারমুন।
সব মিলিয়ে নভেম্বরের বিভার মুন, ডিসেম্বরের কোল্ড মুন এবং জানুয়ারির উলফ মুন-পরপর তিন মাসের এই মহাজাগতিক দৃশ্য চাঁদপ্রেমী ও আকাশ পর্যবেক্ষকদের জন্য হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ। আবহাওয়া অনুকূলে থাকলে রাতের আকাশে এই বিরল সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন সাধারণ মানুষও।