রাজনীতি
অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে সমবেত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। ফুলেল শুভেচ্ছা, কুশল বিনিময় ও আবেগঘন পরিবেশে তারা জামায়াত আমিরকে বিদায় জানান।
অস্ট্রেলিয়া সফরে সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন ডা. শফিকুর রহমান। এসব অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল জামায়াত আমিরের। সেখান থেকে ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা ছিল। তবে নির্ধারিত সূচি সংক্ষিপ্ত করে মালয়েশিয়া সফর বাদ দিয়েই দেশে ফিরছেন তিনি।
জামায়াত আমিরের নেতৃত্বে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
সফরের শুরুতে ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছান ডা. শফিকুর রহমান। পরদিন ২১ নভেম্বর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন তিনি।
একই দিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজিত শিশু-কিশোরদের আনন্দমেলা অনুষ্ঠান ও সাবেক শিবিরকর্মীদের সমাবেশে অংশ নেন জামায়াত আমির।
পরদিন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত ‘জুলাই আপরাইজিং এন্ড বেয়ন্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধি ছাড়াও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। এ সময় দেশের উন্নয়নে প্রবাসীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
সফরের প্রতিটি অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিকতা ও ভালোবাসা বিশেষ তাৎপর্য তৈরি করে। বিশেষ করে প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময়, তাদের প্রত্যাশা ও অভিজ্ঞতা শোনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা সফরের গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে।