জাতীয়

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অস্থিরতা, ৫০ কারখানায় সাধারণ ছুটি ও ৩৫টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অস্থিরতা, ৫০ কারখানায় সাধারণ ছুটি ও ৩৫টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থামেনি। নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকেরা। এ পরিস্থিতিতে জেলার ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আরও ৩৫টি কারখানা।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিকদের বিক্ষোভ ও উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস, নাওজোড়, সালনাসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তাঁরা। একপর্যায়ে আন্দোলনকারীরা সড়ক ও মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওইসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস, বোর্ডবাজারের সাইনবোর্ড, নাওজোড় এবং ভাওয়াল মির্জাপুর-মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা সড়ক ও মহাসড়কে অবস্থান নেন। বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধের কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে, সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় বিক্ষোভকারীদের একাংশ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়। তবে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং কারখানা বন্ধের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

এ পরিস্থিতিতে একদিকে যেমন পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।