জাতীয়
নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী
নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক নাগরিক সম্মান, মর্যাদা ও ন্যায্য অধিকার নিয়ে বসবাস করতে পারবেন।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার উদ্যোগে আয়োজিত ‘লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। তাই দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে নারীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে। এমন বাংলাদেশ গড়ে তোলা সরকারের লক্ষ্য, যেখানে কোনো নাগরিক নিজেকে অবহেলিত বা বঞ্চিত মনে করবেন না এবং নারীরা সমাজে তাঁদের যথাযথ সম্মান ও প্রাপ্য অধিকার পাবেন।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে যা প্রয়োজন, বর্তমান সরকার সেসব উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। নারী ও শিশুরা কোনো ধরনের নির্যাতন বা সহিংসতার শিকার হলে যাতে দ্রুত প্রয়োজনীয় আইনি সহায়তা ও সুরক্ষা পেতে পারেন, সে লক্ষ্যে ইতোমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও শিশুরা একটি সমন্বিত ব্যবস্থার আওতায় প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে জানান মন্ত্রী। এর ফলে ভুক্তভোগীদের আইনি সহায়তা, সুরক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা পেতে বিভিন্ন দপ্তরে আলাদাভাবে ছোটাছুটি করতে হবে না। বরং সমন্বিত উদ্যোগের মাধ্যমে তাঁদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, এ ধরনের সহিংসতা বন্ধে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে এ সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা প্রয়োজন। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং নারীর প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলার মাধ্যমেই সহিংসতামুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক। অনুষ্ঠানে বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ, লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং ভুক্তভোগীদের জন্য কার্যকর সহায়তা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।