সারাদেশ

নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম

নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহ সম্পাদক। অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান ভেতরে থাকা লোকজন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। মোবাইল ফোনে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন।

অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের দায়ী করে ফাহিম রহমান খান পাঠান বলেন, এই অবস্থায় রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।

অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।