সারাদেশ

প্রেমের টানে ভারত থেকে বরিশালে তরুণ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ এএম

প্রেমের টানে ভারত থেকে বরিশালে তরুণ
ছবি: সংগৃহীত

প্রেমের টানে ভারতের গুজরাট রাজ্য থেকে বাংলাদেশের বরিশালের গৌরনদীতে এসেছেন সোরঠিয়া ফাইজান শাহ ওরফে হামজা (২০) নামের এক ভারতীয় তরুণ। এরপর পরিবারের উদ্যোগে আইনজীবীর মাধ্যমে হলফনামা সম্পাদন করে বিয়ে করেছেন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের মাহি আক্তার (১৭) নামের এক কিশোরীকে। তবে কিশোরীর অপ্রাপ্তবয়স্ক বয়সে বিয়ে এবং ভারতীয় নাগরিকের বাংলাদেশে এসে স্থায়ীভাবে থেকে যাওয়ার ইচ্ছাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ফাইজান শাহ ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার রেজওয়ান শাহর ছেলে। অন্যদিকে মাহি আক্তার গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে। সে স্থানীয় বাটাজোর অশ্বিনী কুমার বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (২৫ নভেম্বর) মাহির পরিবারের সদস্যরা জানান, গত রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে ভ্রমণ অনুমোদনপত্র নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন ফাইজান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহির মা ও ছোট ভাই তাঁকে গ্রহণ করেন। পরে তাঁকে নিয়ে বরিশালের গৌরনদীতে পরিবারের কাছে আসেন তাঁরা।

পরিবারের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে আসার পরদিন সোমবার (২৩ নভেম্বর) বরিশালের একজন আইনজীবীর কার্যালয়ে হলফনামা সম্পাদনের মাধ্যমে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় একজন কাজি বা ধর্মীয় ব্যক্তিকেও ডাকা হয়। পরে ফাইজানকে জামাতা হিসেবে নিজেদের বাড়িতে নিয়ে যান মাহির পরিবারের সদস্যরা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাহির মা শামীমা আক্তার তাঁদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

মাহি আক্তার জানায়, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার বড় ভাইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধু ফাইজান শাহর সঙ্গে প্রায় দেড় বছর আগে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে দুই পরিবারের সদস্যরা তাঁদের সম্পর্কের বিষয়টি জানতে পারেন। এরপর পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তাঁরা যোগাযোগ অব্যাহত রাখেন। একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় ভ্রমণ অনুমোদনপত্র নিয়ে বাংলাদেশে আসেন ফাইজান।

মাহি আরও জানায়, গত এক বছরে প্রেমিকের সঙ্গে কথা বলা এবং হিন্দি চলচ্চিত্র দেখে সে হিন্দি ভাষা শিখেছে। ফলে তাঁদের মধ্যে এখন আর ভাষাগত কোনো সমস্যা হয় না। পরিবারের সদস্যরাও কমবেশি হিন্দি ভাষায় কথা বলতে পারেন। ফাইজান বাংলাদেশে থেকে যেতে চান বলেও জানায় মাহি।

ভারতীয় তরুণ ফাইজান শাহ জানান, তাঁর বাবা ভারতের গুজরাটের রাজুলা এলাকায় পরিবহণ ব্যবসার সঙ্গে জড়িত। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁদের প্রেমের সম্পর্ক তাঁর পরিবার স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। এ কারণে ছয় মাস মেয়াদি ভ্রমণ অনুমোদনপত্র নিয়ে বাংলাদেশে এসেছেন তিনি। বাকি জীবন স্ত্রীর সঙ্গে বাংলাদেশেই কাটাতে চান বলে জানান ফাইজান। শ্বশুরবাড়িতে এসে তিনি বেশ আনন্দিত বলেও উল্লেখ করেন।

মাহির মা শামীমা আক্তার বলেন, মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। একপর্যায়ে উপায়ন্তর না দেখে ভারতীয় তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছেন তাঁরা।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় পর্যায়েও নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বিএনপি নেতা রাসেল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় একজন তরুণ বাংলাদেশে এসে হঠাৎ বিয়ে করে এখানে থেকে যেতে চাইছেন-বিষয়টি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয়সহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, স্থানীয় গ্রামপুলিশের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে মাহির বয়স ১৭ বছর হওয়ায় এ বিয়ের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। ফলে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বিষয়টি আইনগতভাবে কতটা বৈধ, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী। একই সঙ্গে হলফনামার মাধ্যমে সম্পন্ন বিয়ের আনুষ্ঠানিকতার আইনগত ভিত্তি এবং ভারতীয় নাগরিকের বাংলাদেশে অবস্থানের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।