বিনোদন
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে র্যাম্পে হাঁটার সময় পড়ে আহত মিষ্টি জান্নাত, পায়ের লিগামেন্টে চোট
ঢালিউডের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত র্যাম্পে হাঁটার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অংশ হিসেবে র্যাম্পে হাঁটতে শুরু করেন মিষ্টি জান্নাত। কিছুদূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ ভারসাম্য হারিয়ে মঞ্চের ওপর পড়ে যান তিনি। এতে তিনি বেশ আঘাত পান। পরে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা তাকে কোলে করে অনুষ্ঠানস্থলের বাইরে নিয়ে যান। সেখান থেকে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এই অভিনেত্রীকে।
এদিকে মিষ্টি জান্নাতের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট থেকে জানা গেছে, দুর্ঘটনার আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। গত তিন দিন ধরে জ্বর ও বমির সমস্যায় ভুগছিলেন। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। একপর্যায়ে মাথা ঘুরে যাওয়ায় ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। এতে তার পায়ের লিগামেন্টে আঘাত লাগে।
দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন মিষ্টি জান্নাত। বিশেষ করে বিভ্রান্তিকর বা বিতর্কিত শিরোনাম ও ক্যাপশন ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন তিনি।
এ বিষয়ে নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে অভিনেত্রী লেখেন, ‘কোনো রকম কনট্রোভার্সিয়াল ক্যাপশন আপনারা দেবেন না। স্পেশালি আমি কোনো নায়িকা, নায়ক নিয়ে কিছুই বলি না। আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিই। কিন্তু কারও ছবি আমার ইন্টারভিউ বা ভিডিওর মধ্যে লাগিয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। হাত জোড় করে সবাইকে অনুরোধ করছি।’
ওই পোস্টে মিষ্টি জান্নাত আরও জানান, মিডিয়ার সবাই তার কাছের মানুষ। তিনি কোনো ধরনের দলাদলি পছন্দ করেন না। তাই তার বক্তব্য বা সাক্ষাৎকার প্রকাশের ক্ষেত্রে এমন কোনো উপস্থাপনা না করার অনুরোধ জানিয়েছেন, যাতে তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
পাশাপাশি নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, পায়ের লিগামেন্টে গুরুতর আঘাত পেয়েছেন এবং জ্বরেও ভুগছেন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই চিত্রনায়িকা।