সারাবিশ্ব
অন্যত্র বিয়ে ঠিক, মামাতো ভাইকে ভালোবাসেন জানাতেই বাবার হাতে তরুণী খুন
ভারতের তেলেঙ্গানা রাজ্যের আদিলাবাদ জেলায় পারিবারিক সম্মান রক্ষার নামে (অনার কিলিং) ১৯ বছর বয়সী এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। অন্যত্র বিয়ে ঠিক হওয়ার পর নিজের পছন্দের মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা পরিবারকে জানানোয় বাবার হাতে প্রাণ দিতে হয়েছে ওই তরুণীকে। হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত বাবা। তবে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য।
নিহত তরুণীর নাম কল্যাণী। এ ঘটনায় অভিযুক্ত তার বাবা কৈলাস আদে। পুলিশ সূত্রে জানা গেছে, তেলেঙ্গানার আদিলাবাদ জেলার নারনুর এলাকার এক তরুণের সঙ্গে কল্যাণীর বিয়ের কথা চূড়ান্ত হয়েছিল। আগামী ২৫ নভেম্বর তাদের বাগদান অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। তবে বাগদানের মাত্র দুদিন আগে, ২৩ নভেম্বর সন্ধ্যায় কল্যাণী তার মা-বাবাকে জানান, তিনি তার মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। পরিবারের পছন্দ করা পাত্রকে বিয়ে করতে চান না বলেও জানান তিনি।
মেয়ের মুখে অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাবা কৈলাস আদে। এ নিয়ে পরিবারের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মেয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। একপর্যায়ে ক্ষোভ ও পারিবারিক সম্মানের অজুহাতে মেয়েকে হত্যার সিদ্ধান্ত নেন অভিযুক্ত বাবা।
পুলিশের তথ্য অনুযায়ী, পরদিন ২৪ নভেম্বর কল্যাণীকে শ্বাসরোধ করে হত্যা করেন কৈলাস আদে। হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে দেন তিনি। পরে পরিবারের সদস্য ও গ্রামবাসীদের কাছে দাবি করেন, মা-বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় কল্যাণী আত্মহত্যা করেছেন।
তবে কল্যাণীর মৃত্যুর পরপরই পরিবারের পক্ষ থেকে তড়িঘড়ি করে শেষকৃত্যের আয়োজন করায় স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে গ্রামবাসীদের মনে নানা প্রশ্ন দেখা দেয়। একপর্যায়ে স্থানীয়দের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাটি তদন্তে নামে পুলিশ। এরপর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা শুরু হয়।
পুলিশের এক কর্মকর্তা জানান, তদন্তের একপর্যায়ে জিজ্ঞাসাবাদের মুখে কৈলাস আদে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। তিনি প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করে হত্যার বিষয়টি আড়াল করার চেষ্টা করেছিলেন বলেও জানায় পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত কৈলাস আদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। কী পরিস্থিতিতে এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
পরিবারের পছন্দের বাইরে নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার ইচ্ছা প্রকাশ করায় এক তরুণীর এমন করুণ পরিণতি আবারও ভারতে তথাকথিত পারিবারিক সম্মানের নামে সংঘটিত সহিংসতার ভয়াবহতা সামনে এনেছে।
সূত্র: এনডিটিভি।